ক্ষেতলালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হওয়ার পথে আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজুল ইসলাম সরদার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন মেয়র পদে তিনজন প্রার্থীর মধ্যে সিরাজুল ইসলাম ছাড়া বাকি দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে একজন দলীয় ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম সরদার, স্বতন্ত্র প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী, আবদুল হান্নান (মিঠু) ও সিরাজুল ইসলাম (বুলু)।

গত ৩০ জুন যাচাই-বাছাইয়ে দিনে আবদুল হান্নানের মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া নবীউল ইসলাম চৌধুরী ও সিরাজুল ইসলাম আজ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

নবীউল ইসলাম চৌধুরী ক্ষেতলাল উপজেলা বিএনপির সদস্য। সিরাজুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী ছিলেন।

জানতে চাইলে নবীউল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী আমার আগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মাঠে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কেউ থাকছেন না। এ কারণে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’

সিরাজুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’

রির্টানিং কর্মকর্তা ও নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, তিনজন মেয়র পদপ্রার্থীর মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম সরদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করা হবে।