ক্ষেতলালে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

জয়পুরহাটে ক্ষেতলালে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঢেলপীর এলাকার ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

নিহত ব্যক্তির নাম গোলাম মওলা (৩০)। তিনি উপজেলার দাশড়া মোছান্দাল গ্রামের মুনছুর রহমানের ছেলে। ক্ষেতলাল উপজেলা শহরে মুঠোফোনে টাকা রিচার্জের দোকান রয়েছে গোলাম মওলার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলাম মওলা বৃহস্পতিবার রাতে তাঁর দোকান বন্ধ করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে পৌঁছাননি। স্বজনেরা তাঁর মুঠোফোন নম্বরে কল দিলে সেটি বন্ধ পান। এ অবস্থায় তাঁরা গোলাম মওলার খোঁজে বের হন। গভীর রাতে স্বজনেরা ঢেলপীর এলাকায় রাস্তার পাশের ধানখেতে তাঁকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটায় ঘটনাস্থলে যায়। তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, গোলাম মওলার মাথায় জখমের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।