কয়েক ঘণ্টার ব্যবধানে সিলেট বিভাগে আবারও করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট
সিলেট

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বিশেষায়িত পরীক্ষাগারে গতকাল রোববার ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন। টানা প্রায় এক মাস পর গতকাল কোনো রোগী শনাক্ত না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সিলেটবাসী।

কয়েক ঘণ্টার ব্যবধানে সিলেটবাসীর সেই স্বস্তি উধাও হয়ে যায়। কারণ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে নতুন করে হবিগঞ্জের দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, আজ সোমবার দুপুরে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে তাঁদের এ তথ্য জানানো হয়। হবিগঞ্জের ৮০ জনের নমুনা পরীক্ষার পর দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৮০।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ২৮০ জনের মধ্যে হবিগঞ্জের ৯৫ জন, সিলেটের ৮৫ জন, সুনামগঞ্জের ৬০ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৫ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।