কয়েদির পোশাকে নিজেদের শহরে প্রদীপ–লিয়াকত
দেড় বছর আগেও তাঁরা আসামির হাতে হাতকড়া পরাতেন। আবার কখনো ছিলেন কারাগার থেকে আদালতে আনা–নেওয়ায় দুর্ধর্ষ আসামির নিরাপত্তায়। এখন তাঁদেরই হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তায় আনা হয়েছে কারাগারে। দুজন হলেন কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী। তাঁদের পরনে ছিল সাদা–কালো রঙের কয়েদির পোশাক।
আজ শনিবার দুপুরে প্রথমবারের মতো এই দুজন কয়েদির পোশাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসেছেন। কক্সবাজারে বদলির আগে এ কারাগারসংলগ্ন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে প্রদীপ ও লিয়াকত কর্মরত ছিলেন। শুধু কর্মস্থল নয়, তাঁরা দুজন বেড়ে উঠেছেনও এ শহরে।
কক্সবাজার জেলা কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক নেছার আলম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সকালে কঠোর নিরাপত্তায় কয়েদির পোশাকে প্রদীপ ও লিয়াকতকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের হাতে ছিল হাতকড়া। কেন সেখানে পাঠানো হলো, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাঁসির আসামিরা সাধারণত কেন্দ্রীয় কারাগারে থাকেন। তাই তাঁদের সেখানে পাঠানো হয়েছে।
প্রদীপ ও লিয়াকত বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে জানান কারাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, লিয়াকত ও প্রদীপকে কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে। কারাবিধি অনুযায়ী ফাঁসির আসামিদের যেভাবে রাখার নিয়ম রয়েছে, তাঁদেরও সেভাবে রাখা হয়েছে। তাঁরা কয়েদির পোশাকে থাকবেন সারাক্ষণ।
প্রদীপের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে আর লিয়াকতের বাড়ি পটিয়ায়। প্রদীপ নগরের পাথরঘাটা এলাকায় ছয়তলা ও মুরাদপুর এলাকায় একতলা বাড়ি করেছেন। এ ঘটনায় দুদকের করা মামলার বিচার চলছে। লিয়াকত ও প্রদীপ দুজনই দীর্ঘদিন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। এ কারণে তাঁরা নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার আসামিদের রিমান্ড মঞ্জুর হলে কারাগার থেকে আনা কিংবা আবার দিয়ে আসার কাজও করেতন। আবার জঙ্গি, দুর্ধর্ষ ফাঁসির আসামিদের কারাগার থেকে আদালতে আনা–নেওয়ার সময়ও নিরাপত্তায় নিয়োজিত থাকতেন।
নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, যে প্রদীপ–লিয়াকত এত দিন আসামির হাতে হাতকড়া পরাতেন, আসামির নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করতেন, আজ তাঁদের অন্য পুলিশ সদস্যরা নিরাপত্তা দিয়েছেন।
আরেক কর্মকর্তা বলেন, কারাগারের কনডেমড সেল ভবন থেকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয় দেখা যায়। এটি তাঁদের অতীত বর্তমানের পার্থক্য বুঝিয়ে দেবে। কারাগারের ঠিক বিপরীত ভবনে তাঁরা গ্রেপ্তারের আগে কি অবস্থায় ছিলেন, আর আজ তাঁরা কোথায়। এটি থেকে শিক্ষা নেওয়া উচিত।
সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি প্রদীপ ও লিয়াকত ছিলেন নির্বিকার।
২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় তাঁর বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা করেন।