খননের উদ্যোগের মধ্যে ভরাট

কয়েক বছর ধরে খাল পাড়টিকে পৌর কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ স্থান হিসেবে ব্যবহার করে আসছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেখানে বর্জ্য ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরবের জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ লাগোয়া স্থানে।
প্রথম আলো

ভরদুপুরে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ সড়কলাগোয়া খালটিতে আবর্জনা ফেলা হচ্ছিল পৌরসভার তিনটি গাড়ি থেকে। এই দৃশ্য দেখে নজরুল ইসলাম নামে স্থানীয় এক যুবক বলে উঠলেন, একদিকে সরকার খালটি খননের উদ্যোগ নিয়েছে, অপর দিকে সরকারের আরেকটি প্রতিষ্ঠান ময়লা ফেলে ভরাট করে চলেছে। মাঝে কেবল কোটি কোটি টাকার কাজ কাজ খেলা। এতে কারও কারও লাভবান হওয়ার সুযোগ থাকলেও দৃশ্যপটের কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না।

জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ সড়কটি দৈর্ঘ্যে ৭০০ মিটার। এই সড়কটি বন্দর পয়েন্ট থেকে মনামারা সেতুর কাছে অন্য একটি সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। বন্দর এলাকার বেশির ভাগ পণ্য পরিবহনে সড়কটি ব্যবহৃত হয়ে থাকে। সড়কটির এক পাশ ঘেঁষে এগিয়ে গেছে একটি খাল। খালটি মেঘনা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। একসময় খালটিতে ১২ মাসই পানির প্রবাহ থাকত। বর্ষায় বড় নৌকা চলাচলের সুযোগ ছিল। বিশেষ করে বন্দরে আসা পণ্যবাহী নৌযানের একটি অংশ এই খালে নোঙর করত। মেঘনার ওপর জিল্লুর রহমান দ্বিতীয় রেলওয়ে সেতু নির্মাণের সময় খালটি এক দফা ক্ষতিগ্রস্ত হয়। মনামারা সেতু এলাকার এক পাশ ভরাট হয়ে যাওয়ায় খালটির ওপর আরও নেতিবাচক প্রভাব পড়ে। এখন কয়েক বছর ধরে খাল পাড়টি পৌর কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ স্থান হিসেবে ব্যবহার করে আসছে। এরপর খালটি মৃতপ্রায় রূপ নিয়েছে।এমন বাস্তবতায় সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড খালটির প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। এ জন্য ৯ কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়। এরই মধ্যে ৪০০ মিটার সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই কাজে ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ছয় কোটি টাকা। কার্যাদেশ পেয়েছে মমিনুল হক ও এফ রহমান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীদের একজন আবু বক্কর। তিনি বলেন, ‘সংস্কারকাজ শুরু করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু পৌরসভার আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। এ অবস্থায় খনন করলেও কাজ

দৃশ্যমান হবে না। ফলে স্থানীয় লোকজনের সঙ্গে ভুল–বোঝাবুঝি বাড়বে। সে জন্যই কাজ শুরু করতে দেরি হচ্ছে।’

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শহররক্ষা বাঁধ সড়কলাগোয়া স্থানটিতে শুধু পৌর কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় লোকজনও দল বেঁধে

আবর্জনা ফেলছেন। বিশেষ করে মুরগি ব্যবসায়ীরা বস্তায় ভরে এনে সেখানে বর্জ্য ফেলছেন। পচা

বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া দায়।

সড়ক লাগোয়া স্থানে কয়েক বছর ধরে একটি দোকান চালাচ্ছেন ফারজানা বেগম। তিনি বলেন, ‘দিন দিন আমার দোকানে ক্রেতা কমছে। দুর্গন্ধের কারণে এখন আমার ব্যবসা ক্ষতিতে রয়েছে।’

কথা হয় আবর্জনা ফেলতে আসা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনসুর মিয়ার সঙ্গে। সড়কের পাশে আবর্জনা ফেলছেন কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, কর্তারা তাঁদের যেখানে ফেলতে বলেছেন, তাঁরা সেখানেই ফেলছেন।

কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেল, গাড়ি নিয়ে বের হওয়ার পর তাঁরা যেখানে খালি জায়গা পান, সেখানেই আবর্জনা ফেলে আসেন। পৌর কর্তৃপক্ষের কোনো ময়লার ভাগাড় না থাকায় এ ছাড়া তাঁদের উপায় নেই।

সরকারের অন্য একটি প্রতিষ্ঠান যেখানে খাল খননের উদ্যোগ নিয়েছে, সেখানে সরকারি প্রতিষ্ঠান হয়েও পৌরসভা কেন খালটি আবর্জনা দিয়ে ভরে ফেলছে? এমন প্রশ্নের জবাবে ভৈরব পৌরসভার সচিব মোহাম্মদ দুলাল উদ্দিন বললেন, ‘পৌরসভার বিভিন্ন স্থানে প্রতিদিন অর্ধশত টন আবর্জনা

স্তূপ আকারে পড়ে থাকছে। বিপুল পরিমাণ এই বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা পদ্ধতি আমরা এখনো গড়ে তুলতে পারেনি। ফলে ইচ্ছের বিরুদ্ধে এমনটা হয়ে যাচ্ছে।’

পৌর মেয়র ইফতেখার হোসেন বলেন, ময়লার ভাগাড় গড়ে তুলতে জায়গা খোঁজা হচ্ছে। কোথাও খাসজমি পাওয়া যাচ্ছে না। জমি কিনতে বড় অঙ্কের টাকার প্রয়োজন। এরপরও জায়গা পেতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।