খননের পর ব্রহ্মপুত্র দখল করে ভরাট

উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দিতে নদে খননযন্ত্রের সাহায্যে বালু ফেলে দখল করা হচ্ছে।

ব্রহ্মপুত্র নদ ভরাট করে চলছে দখল। গতকাল সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দিতেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে একদিকে চলছে খনন, অন্যদিকে খননের জায়গা ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে নদ দখলের ওই অভিযোগ পাওয়া গেছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ব্রহ্মপুত্র নদে তিন বছর ধরে সরকারিভাবে খননকাজ চলছে। সোনারগাঁয়ের শম্ভুপুরা ও বন্দর উপজেলার কলাগাছিয়া থেকে শুরু করে লাঙ্গলবন্দ হিন্দুধর্মাবলম্বীদের অষ্টমী স্নানের স্থান হয়ে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া পর্যন্ত নদের নাব্যতা দূর করতে এ খননকাজ চলছে। ইতিমধ্যে খননকাজের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

এ খননকাজ চলার সময়ই সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দিতে নদে খননযন্ত্রের সাহায্যে বালু ফেলে দখল করা হচ্ছে। এক সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র নদে এ দখলবাজি চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কারখানা করার জন্য স্থানীয় ঈমানেরকান্দি গ্রামের বাসিন্দা আবদুল মতিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি একত্র হয়ে ব্রহ্মপুত্র নদের বুকে বালু ফেলে ভরাট করে দখল করে নিচ্ছেন।

স্থানীয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতা ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ব্রহ্মপুত্র নদ দখল বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে আবেদন করেও তাঁরা কোনো প্রতিকার পাচ্ছেন না।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, খাদিজা আকবর-১ নামের একটি খননযন্ত্রের সাহায্যে বালু ফেলে নদ দখল করা হচ্ছে। আবদুল মতিন ও তাঁর সহযোগীরা খননযন্ত্রে বসে নদ ভরাটকাজের তদারকি করছেন।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান ও স্থানীয় ঈমানেরকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসাইন বলেন, ‘আমাদের সংগঠন পরিবেশ ও নদী রক্ষায় ১০ বছর ধরে কাজ করছে। আমার বাড়ির সামনে যেভাবে ব্রহ্মপুত্র নদ দখল করা হচ্ছে, তা দেখে চোখের পানি ধরে রাখতে পারছি না। একদিকে চলছে নদের খননকাজ, অন্যদিকে সরকারি অর্থায়নে খনন করা নদের জায়গা দিনদুপুরে চর দখলের মতো দখল করে নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে লিখিত ও মৌখিকভাবে অবগত করেছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আগামী দু–এক দিনের মধ্যে ব্রহ্মপুত্র নদের দখলবাজি বন্ধ না হলে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করব।’

তবে নদ দখলের বিষয়ে জানতে চাইলে আবদুল মতিন বলেন, ‘আমরা আমাদের ক্রয়কৃত নদীর তীরবর্তী জমিতে বালু ফেলে ভরাট করছি। ব্রহ্মপুত্র নদ দখলের সঙ্গে আমরা জড়িত নই।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ‘ব্রহ্মপুত্র নদ দখল করার অভিযোগ পেয়েছি। তদন্ত করে অবশ্যই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’