খরচ কমিয়েও প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম রেলস্টেশন প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি।
ছবি: প্রথম আলো

কয়েকটি সিন্ডিকেট কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছে। সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি।

দেশে ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে কমিটি।

সমাবেশে বক্তারা বলেন, যেকোনো অজুহাতে দেশে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। তেল, চাল, ছোলা, গমসহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুত দেশে থাকার পরও একের পর এক পণ্যের দাম বেড়েই চলেছে। টিসিবির ট্রাকে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন। একটু কম দামে পণ্য কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মানুষ পণ্য নিয়ে ফিরতে পারছে না। এর ওপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে ভোগ্যপণ্যের দাম আরও কয়েক দফা বেড়েছে। অথচ এ যুদ্ধের প্রভাব দেশে উৎপাদিত পণ্যে বা বেশির ভাগ ভোগপণ্যে পড়ার কথা নয়।

কয়েকটি সিন্ডিকেট কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে গরিব মেহনতি মানুষের পকেট কাটছে বলে দাবি করা হয় সমাবেশে। বক্তাদের দাবি, সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। খরচ কমিয়েও প্রয়োজনীয় ভোগ্যপণ্য কিনতে পারছে না সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধি এখন যে পর্যায়ে আছে, তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এরপর মধ্যবিত্তের পক্ষেও আর প্রয়োজনীয় ভোগ্যপণ্য কেনা কঠিন হবে। শুধু উচ্চবিত্তরা কিনে খেতে পারে।

ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, সম্পাদকমণ্ডলীর সদস্য মনসুর মাসুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোক্তার আহম্মদ, শ্রমিকনেতা আবদুল খালেক, যুব মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক খোকন মিয়া, ছাত্র মৈত্রীর জেলার আহ্বায়ক আলাউদ্দিন প্রমুখ।