খরচ পাঁচ লাখ টাকা, তবু শৌচাগার অব্যবহৃত

ঠিকাদার কাজ শেষ করে পাঁচ লাখ টাকার বিল তুলে নিয়েছেন। যেনতেনভাবে করার অভিযোগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় জেলা পরিষদ মার্কেটে শৌচাগার কোনো কাজে আসছে না
ছবি: প্রথম আলো

কুষ্টিয়া জেলা পরিষদের একটি বিপণিবিতানে প্রায় চার বছর আগে একটি শৌচাগার নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। ঠিকাদার কাজ শেষ করে পাঁচ লাখ টাকার বিল তুলে নিয়েছেন। তবে কাজ পূর্ণাঙ্গ না হওয়ায় ওই শৌচাগার ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া যেনতেনভাবে শৌচাগার নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রায় চার বছর আগের বিষয়। ওই সময় আমি এখানে ছিলাম না। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় জেলা পরিষদের একটি মার্কেট নির্মাণ করা হয়। নির্মাণ করা হয় ৬৫ দোকান। বিপণিবিতানের লোকজনের জন্য একটি শৌচাগার ও সুপেয় পানির জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। আমিরুল ইসলাম ওরফে তুষার নামের একজন ঠিকাদার কাজটি করেন। ওই অর্থবছরে কাজ শেষ হয়।

৬ জুন দুপুরে গিয়ে দেখা যায়, বিপণিবিতানে মাঝখানে পেছনের দিকে ছোট্ট একটি জায়গায় শৌচাগার। এতে ছোট ছোট চারটি কক্ষ। দেয়াল পলেস্তারা করা। তবে কোনো রং করা হয়নি। দুটি কক্ষের ভেতরে টয়লেট প্যান লাগানো। কোনো কক্ষেই দরজা নেই। নেই কোনো পানি সরবরাহের লাইন। সেখানে কোনো নলকূপও দেখা যায়নি।

শৌচাগারের পাশের দোকানি মোহাম্মদ শাহাজান বলেন, নির্মাণকাল থেকেই শৌচাগারটি এমন দেখছেন। লোকজন এটা ব্যবহার করতে পারে না। জরুরি প্রয়োজনে মার্কেটের লোকজন মহাসড়ক পার হয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও পাম্পের টয়লেটে যান। সেখানে যেতে নানা ঝামেলা ও ঝুঁকি পোহাতে হয়। শৌচাগারটি ব্যবহারের উপযোগী করার জন্য একাধিকবার জেলা পরিষদের দায়িত্বরত সহকারী প্রকৌশলীকে বলা হয়েছে। তবে তিনি কোনো পদক্ষেপ নেননি।

শৌচাগারটির ভেতরে ময়লা-আবর্জনার জমেছে। সেখানে দোকানিরা বাইসাইকেল রাখেন। যোগাযোগ করা হলে ঠিকাদার আমিরুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর আগে কাজটি করা হয়েছিল। ওই সময় স্থানীয় কয়েকজন দোকানদারের বাধার মুখে কাজ শেষ করতে পারেননি। কার্যাদেশে শৌচাগারে পানির লাইনের কাজ করার বিষয়টি ছিল না।

আমিরুল ইসলাম আরও বলেন, জেলা পরিষদ থেকে যোগাযোগ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে শৌচাগারের দরজা লাগানো হবে।

জেলা পরিষদের দীর্ঘদিন দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী শফিকুল আজম বলেন, ‘আমি নিজেও অবাক হচ্ছি, শৌচাগারে দরজা নেই কেন। তবে কাজ শেষ হয়নি, এতটুকু মনে আছে। বিষয়টি আরও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’