
বিদ্যালয় ভবনের সামনের খোলা চত্বরের ওপর শামিয়ানা টানানো। কিন্তু ছাউনির ওপরে জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ। আর নিচে ভাপসা গরম। এরপরও ভাষার প্রতি ভালোবাসার টানে সেখানে সমবেত শত শত শিক্ষার্থী। আগ্রহের কমতি নেই তাদের। তারা জড়ো হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে। নড়াইলের শত বছরের পুরোনো সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল শুক্রবার বসেছিল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন সকাল থেকেই। নয়টা বাজার আগেই এ সংখ্যা দাঁড়ায় কয়েক শ। পরে তা হাজার ছাড়িয়ে যায়। উচ্চবিদ্যালয়ের মূল ভবনের সামনে বিশাল ছাউনির নিচে উপচে পড়া ভিড়। স্থান সংকুলান না হওয়ায় আয়োজকেরা খুলে দেন সরকারি উচ্চবিদ্যালয়ের পাশের ভবনও।
গতকাল এ উৎসবে অংশ নেয় খুলনা বিভাগের ১০টি জেলা এবং ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী।
বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। জাতীয় পতাকা তুলে উৎসবের উদ্বোধন করেন নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানা এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহাবুবুল হক। পরে শিক্ষার্থী ও অতিথিরা আকাশের দিকে বেলুন উড়িয়ে দেন।
উদ্বোধনী বক্তব্যে মনিরা সুলতানা বলেন, চিত্রাপারের চিত্রশিল্পী এস এম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, ভাষাসৈনিক রিজিয়া খাতুন, প্রখ্যাত ঔপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত, সুরকার কমল দাশগুপ্ত, সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর, নৃত্যশিল্পী উদয় শংকর, কবিয়াল বিজয় সরকার, জারি গানের সম্রাট মোসলেম উদ্দীন বয়াতিসহ অসংখ্য গুণীর এই নড়াইলে আজ প্রথমবারের মতো ভাষা প্রতিযোগ উৎসব হচ্ছে। এটি অবশ্যই গৌরবের বিষয়।
এরপর প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির ৯৫৭ জন শিক্ষার্থী ৪০ মিনিটের ভাষা প্রতিযোগের লিখিত পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব পরিচালনা করেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মাহাবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফিন রুবাইয়াত, মুন্সিগঞ্জ শ্রীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। তীব্র গরমে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য জাহীদ রেজা নূর মাঝেমধ্যে কৌতুক পরিবেশন করেন। দুজন শিক্ষার্থী গান গেয়ে মুগ্ধ করে। এ ছাড়া পরপর দুটি গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন ক্লোজ আপ ওয়ান তারকা শিল্পী পুলক।
চারটি বিভাগে বিজয়ী ৬০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ের উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। বিজয়ীদের একজন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শারমিনা পারভিন। আনন্দে আত্মহারা শারমিনা বলে, ‘স্বপ্নেও ভাবিনি আমি জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাব।’
প্রতিযোগিতায় চারটি বিভাগে বিজয়ী মোট ৬০ জনকে পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগ থেকে ১৫ জন করে (পাঁচজন প্রথম, পাঁচজন দ্বিতীয় ও পাঁচজন তৃতীয়) এই পুরস্কার পায়। এর মধ্যে চার বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে যশোর আকিজ কলেজিয়েট স্কুলের ফাত্তহানা ইয়াসমিন।
‘ক’ বিভাগে প্রথম পাঁচজন হলো যশোর ভোজগাতি প্রাথমিক বিদ্যালয়ের নিশাত তাসনিম, নড়াইল মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্টি পাঠক, যশোর পুলিশ লাইনস স্কুলের সামিহা নওশিন, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের অভিক চক্রবর্তী ও পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের মো. মাছুম বিল্লাহ।
‘খ’ বিভাগের প্রথম পাঁচজন হলো নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সুরাইয়া ইয়াসমিন, জরাথী হালদার নিতু, নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের দ্বীপ মণ্ডল, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অর্পিতা রায় ও বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শাহরিয়ার নাজিম।
‘গ’ বিভাগের প্রথম পাঁচজন হলো যশোর আকিজ কলেজিয়েট স্কুলের ফাত্তহানা ইয়াসমিন, মো. খালিদ হোসেন, বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের মো. ফয়সাল আহসান, আকিজ কলেজিয়েট স্কুলের মো. তাজমিলুর রহমান ও নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের আশিকুর রহমান।
‘ঘ’ বিভাগের প্রথম পাঁচজন হলো নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শেখ মেহেদী হাসান, আফিজা রহমান, খুলনা সিটি কলেজের তানভীর আহাদ জয়, সাদমান সাকিব ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের আমির হোসেন সিয়াম।
আজ বরিশালের জগদীশ সারস্বত উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় শুরু হবে বরিশাল অঞ্চলের উৎসব।