রাজবাড়ীর বালিয়াকান্দি
খসে পড়ছে পলেস্তারা, গাছতলায় পাঠদান
মাদ্রাসাটির একতলা পাকা ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৫ সালে। বর্তমানে এটি জরাজীর্ণ।
ভবনটির জীর্ণ দশা অনেক দিন ধরে। এর মধ্যে শুরু হয়েছে পলেস্তারা খসে পড়া। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন শঙ্কা থেকে গাছতলায় শামিয়ানা টানিয়ে মাদ্রাসাটির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এমন ভোগান্তি পোহাতে হচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসায়।
মাদ্রাসাটির সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এক একর জমির ওপর ১৯৭৩ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়। শিক্ষক সংখ্যা ১৪ জন, ৩ জন কর্মচারী। শিক্ষার্থী রয়েছে ২৭৪ জন। ১৯৮৪ সালে এমপিওভুক্ত মাদ্রাসাটিতে মোট ভবন সংখ্যা তিনটি। একটি একতলা পাকা ভবন। অপর দুটি টিনশেড।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসাটির দরকার ১৪টি কক্ষ। এর মধ্যে শ্রেণিকক্ষ প্রয়োজন ১০টি। পাশাপাশি দরকার একটি শিক্ষক মিলনায়তন, একটি বঙ্গবন্ধু কর্নার, একটি লাইব্রেরি ও একটি প্রধান শিক্ষকের কক্ষ। কিন্তু বর্তমানে কক্ষ রয়েছে সাতটি। এসব কক্ষে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলে শ্রেণি কার্যক্রম।
একতলা পাকা ভবনটি নির্মাণ করা হয়েছে ১৯৯৫ সালে। এই ভবনে দুটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ। শ্রেণিকক্ষ দুটিতে সাধারণত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস হয়। জরাজীর্ণ পাকা ভবনটিকে আতঙ্ক হিসেবে দেখা হচ্ছে। থেমে থেমে শ্রেণিকক্ষ দুটিতে খসে পড়ছে পলেস্তারা।
সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশেই মাদ্রাসাটি। খোলা মাঠের একপাশে একতলা পাকা ভবন। ভবনের বাইরে গাছের নিচে বেঞ্চে শিক্ষার্থীরা বসে রয়েছে। একপাশে শামিয়ানা টানানো। বারান্দায় লেখার বোর্ড টাঙানো। বোর্ডে শিক্ষক লিখছেন। সামনে শিক্ষার্থীরা বসে রয়েছে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলে, ‘কয়েক দিন ধরেই ভবনের ওপর থেকে টুকটাক পলেস্তারা খসে পড়ছিল। তবে শুরুতে পরিমাণে অল্প ছিল। তা ছাড়া আমাদের এই ভবন জরাজীর্ণ। এখন বাড়ছে। এ কারণে আমরা নিরাপত্তার জন্য ভবনের বাইরে এসে ক্লাস করছি। মাঠে ক্লাস করায় মনোযোগ নষ্ট হচ্ছে। আবার গাছ থেকে মাঝেমধ্যে পাখি মলত্যাগ করে। গাছ থেকে পাতা পড়ে। পরিবেশটা অন্য রকম। এটাতে আমরা আগে থেকে অভ্যস্ত নই। আমাদের কক্ষসংকটের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।’
মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম বলেন, একতলা পাকা ভবনটি ঝুঁকিপূর্ণ ২০২০ সাল থেকে। ঝুঁকি নিয়েই সেখানে পাঠদান করা হতো। ভবনটি ভেঙে ফেলে নতুন করে স্থাপনের জন্য উপজেলা প্রশাসনকে দীর্ঘদিন ধরে অনুরোধ করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নতুন ভবন নির্মাণের জন্য আশ্বাসও দিয়েছেন। কিন্তু দৃশ্যমান অগ্রগতি হয়নি। গত মঙ্গলবার পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা ক্লাস করতে আপত্তি জানায়। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে আর ক্লাস নেওয়া হচ্ছে না। এ কারণে গাছতলায় ক্লাস নেওয়া হচ্ছে। এতে করে তো কিছু সমস্যা হচ্ছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, তাঁদের মাদ্রাসায় পড়ালেখার মান বেশ ভালো। প্রতিবছর ভালো ফল অর্জন করে শিক্ষার্থীরা। শিক্ষকেরাও আন্তরিকতা নিয়ে শ্রেণিপাঠ কার্যক্রম পরিচালনা করেন। ভবনটি অনেক দিন ধরেই বেহাল ছিল। ভবন ছাড়াও প্রতিষ্ঠানটিতে বেঞ্চ সংকট রয়েছে। ভবনের বিম থেকেও এখন পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ কারণে ভবনের বাইরে খোলা মাঠে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।