খাকদোন নদ খননের মাটি ফেলা হচ্ছে চরে, চর দখলের শঙ্কা
বরগুনার খাকদোন নদের নাব্যতা–সংকট নিরসনে ভেকু দিয়ে নদ খনন করছে বিআইডব্লিউটিএ। ওই খননকৃত মাটি জেগে ওঠা নদের চরে ফেলায় এসব চর দখল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, খাকদোন নদের দুই পাড় দখলদারেরা আস্তে আস্তে দখল করতে করতে নদের প্রশস্ততা কমে যাওয়ায় পানিস্বল্পতায় নাব্যতা–সংকটে রয়েছে। এখন আবার ভেকু দিয়ে নামমাত্র নদ খনন করে মাটি নদের চরে ফেলে রাখা হচ্ছে। এতে নদের প্রশস্ততা কমছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর থেকে খাকদোন নদের নাব্যতা নিরসনে ভেকু দিয়ে খননকাজ চলছে। যেসব এলাকায় ডুবোচর রয়েছে, সেখানেই খনন করা হচ্ছে। বরগুনা-ঢাকা নদীপথে ছয়টি লঞ্চ চলাচল করে। প্রতিদিন চারটি লঞ্চ ঢাকা-বরগুনায় আসা–যাওয়া করে। এসব লঞ্চ বিভিন্ন সময় খাকদোন নদে আটকে থাকে। নাব্যতা–সংকটে বরগুনা নদীবন্দরে লঞ্চ না এসে ঢলুয়া এলাকায় নদের চরে নোঙর করে যাত্রী তোলা হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
বরগুনা নদীবন্দর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একসময় নদটি প্রায় পৌনে এক কিলোমিটার প্রশস্ত ছিল। এখন সিকি কিলোমিটার প্রশস্ত হবে। নৌযান চলাচল স্বাভাবিক রাখতে এ নদের নাব্যতা ফেরাতে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খননের অল্প সময়ের মধ্যে পলি জমে নদ আবার ভরাট হয়ে যায়। ভাটার সময় দু–তিন ফুট পানি থাকে নদে। ফলে আটকে যাওয়া নৌযানগুলোকে জোয়ারের দীর্ঘ অপেক্ষা করতে হয়। খাকদোন নদের সংযোগস্থল পোটকাখালী থেকে বরগুনা পৌর শহরের মাছবাজার এলাকা পর্যন্ত ১৫০ জন অবৈধ দখলদারের তালিকা করে।
সরেজমিনে দেখা গেছে, নদের উত্তর পারের অংশে জেগে ওঠা ডুবোচর ভেকু দিয়ে কেটে অপসারণ করা হচ্ছে। এসব মাটি নদের তীরে চরে ফেলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হেমায়েত উদ্দীন বলেন, যারা টাকা দেয়, তাদের স্থানের মাটি কাটা হয়। বাড়ির সামনের নদে প্রায় লঞ্চ চরে আটকে থাকে, আমি সেখান থেকে কাটতে বলছিলাম, তারা কাটেনি। আরেক বাসিন্দা টিপু মিয়া বলেন, নদ খননের মাটি চরে ফেলার কারণে স্থানীয় লোকজন পরে এই চর নিজেদের দাবি করে দখল করে নেবে। এ কারণে নদের প্রশস্ততা হারাবে।
জেলা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান বলেন, ‘ভেকু দিয়ে এভাবে খননের কারণে নদের প্রশস্ততা আরও কমে যাবে। এমনিতেই দখলদারদের অব্যাহত দখলের কারণে খাকদোন এখন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। নদের প্রশস্ততা কমে গেলে বরগুনায় বিলাসবহুল কোনো লঞ্চ চলাচল করবে না। খনন করা মাটি নদের তীর থেকে দূরে ফেলালে ভালো হতো। খাকদোন নদ আমাদের প্রাণের নদ, এটি বিপন্ন হলে বরগুনার ব্যবসা–বাণিজ্য শেষ হয়ে যাবে।’
বিআইডব্লিউটিএ বরগুনা নদীবন্দর কর্মকর্তা মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘খাকদোন নদের নাব্যতা দূরকরণে ভেকু দিয়ে খনন করার বিষয় আমি কিছু জানি না।’
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মিরাজুল রহমান বলেন, ‘বরগুনার নদীবন্দরকে সচল রাখতে আপাতত আমরা ভেকু দিয়ে নদের ডুবোচরগুলো অপসারণ করা হচ্ছে। বরগুনা শহরের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে হলে পায়রা নদীর সঙ্গে খাকদোন নদের স্বাভাবিক রাখা প্রয়োজন।
জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোক বলেন, খাকদোন নদের নাব্যতা–সংকট দূর করার জন্য খনন করা খুব জরুরি। তবে খননকৃত মাটি ফেলার জায়গা পাওয়া না পাওয়ারয় চরে ফেলা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খাকদোন নদের দুই পারের অবৈধ দখল উচ্ছেদ করা হবে।