খাগড়াছড়িতে বৈসাবি উৎসবের শোভাযাত্রায় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে গতকাল রোববার সকালে খাগড়াছড়িতে আয়োজিত এক শোভাযাত্রা ভন্ডুল করে দিয়েছেন পুলিশ ও সেনাসদস্যরা। শোভাযাত্রায় সেনা ও পুলিশি বাধার ছবি তুলতে গেলে হেনস্তা করা হয় গণমাধ্যমকর্মীদের।
স্থানীয় আদিবাসী নেতাদের সমন্বয়ে গঠিত ‘সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটি’ এই শোভাযাত্রার আয়োজন করে। সকাল নয়টায় শোভাযাত্রার জন্য খাগড়াছড়ি সদরের মধুপুর বাজারে লোকজন জমায়েত হওয়ার সময় আকস্মিকভাবে পুলিশ ও সেনাসদস্যরা হামলা চালান। এ সময় এল্টন চাকমা নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
মধুপুর বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, হামলার পর পরই পুলিশের লোকজন জোর করে দোকানপাট বন্ধ করতে ব্যবসায়ীদের বাধ্য করে। শোভাযাত্রা বন্ধ করে দেওয়ার সময় পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সারোয়ার আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ও সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার এক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, ‘বৈসাবির র্যালি (সমাবেশ) তো গতকাল (শনিবার) পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে করা হয়েছে। এরপর তো আর কোনো র্যালি হতে পারে না। র্যালির নামে বিভিন্ন মামলার কতিপয় আসামি বিশৃঙ্খলার উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। পুলিশ ও সেনাসদস্যরা মিলে সেখান থেকে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছেন। তা ছাড়া শোভাযাত্রার কোনো পূর্বানুমতি ছিল না।’
পুলিশের অভিযোগ প্রসঙ্গে শোভাযাত্রা আয়োজক কমিটির সদস্যসচিব মিলন দেওয়ান বলেন, সামাজিক উৎসবের শোভাযাত্রার জন্য প্রশাসন থেকে আগে কখনো অনুমোদনের প্রয়োজন হয়নি। এবারও তাই অনুমোদন নেওয়া হয়নি। তবে শোভাযাত্রার বিষয়টি জানিয়ে কমিটির সদস্যরা ৯ এপ্রিল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছিলেন।
গতকালের শোভাযাত্রায় পুলিশ ও সেনাসদস্যদের বাধা দেওয়ার ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয়। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এই প্রতিবেদককে গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) এক সদস্য শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় সাংবাদিক পরিচয় দিলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ওই ডিবি সদস্য। প্রথম আলোর আলোকচিত্রীর ক্যামেরা কেড়ে নিয়ে সব ছবি মুছে ফেলেন এক সেনা কর্মকর্তা। উপস্থিত কোনো সংবাদকর্মীকেই কোনো ছবি তুলতে দেওয়া হয়নি।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের সঙ্গে আয়োজকদের ধাক্কাধাক্কি হয়। আয়োজকেরা লক্কড়ঝক্কড় মার্কা গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করতে চাইছিল, তাই তাদের বাধা দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি শাখা বৈসাবির শোভাযাত্রায় সেনাবাহিনী ও পুলিশের বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে।