খাগড়াছড়িতে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনের রাজপুণ্যাহ
খাগড়াছড়ি মহালছড়ায় মং রাজবাড়ি প্রাঙ্গণে শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরে রাজপুণ্যাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে রাজপুণ্যাহ উপলক্ষে এবার মেলা হবে না বলে জানিয়েছেন রাজপুণ্যাহ উদ্যাপন কমিটি।
রাজপুণ্যাহ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও আলুটিলা মৌজার হেডম্যান জেলা পরিষদ সদস্য হিরণজয় ত্রিপুরা বলেন, শুক্রবার সকাল ১০টায় রাজপুণ্যাহ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। দিনব্যাপী সভায় রাজা সাচিংপ্রু চৌধুরী সভাপতিত্ব করবেন। টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া সভায় সেনাবাহিনীর খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়নের অধিনায়ক, জেলা প্রশাসক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপারসহ অন্যরা উপস্থিত থাকবেন।
রাজপুণ্যাহ উপলক্ষে শুক্রবার সকাল থেকে মং সার্কেল চিফ বা রাজা সাচিংপ্রু চৌধুরী দিনভর ৮৮টি মৌজার হেডম্যান ও ৭০১ জন পাড়া কার্বারির কাছ থেকে নজরানা ও উপহার নেবেন। দ্বিতীয় দিন সাচিংপ্রু চৌধুরী হেডম্যান ও কার্বারিদের সঙ্গে দিনব্যাপী আলোচনা করবেন। আর তৃতীয় দিন নারী হেডম্যান ও নারী কার্বারিদের মতবিনিময় সভা হবে। মং রানি উখ্যেংচিং মারমা (চৌধুরী) এতে সভাপতিত্ব করবেন। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা।
আয়োজক কমিটির সদস্যসচিব গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী বলেন, প্রতিবছর রাজপুণ্যাহ ঘিরে ব্যাপক উৎসব আয়োজনও হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে এবার রুটিন কাজগুলোই করা হবে।