খাগড়াছড়িতে হঠাৎ অবরোধ, দুর্ভোগে পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপিডিএফ গণতান্ত্রিক নামে নতুন সংগঠন গঠনের প্রতিবাদে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-সমর্থিত ‘মাদক-সন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি’র ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে জেলা ও উপজেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন সংগঠনের নেতা-কর্মীরা। হঠাৎ অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছে হাজারো জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী এবং কয়েক শ পর্যটক। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

আজ সকাল সাতটার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে কয়েক শ পর্যটককে ঘোরাফেরা করতে দেখা যায়। একাধিক পর্যটক বলেন, রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে তাঁদের যাওয়ার কথা, সেখানেই রুম বুকিং দেওয়া আছে।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থায় আছে।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রধান প্রসীত বিকাশ খীসার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মসহ নানা অভিযোগ এনে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আলাদা সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গতকাল বুধবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করে তপন জ্যোতি চাকমা বর্মাকে আহ্বায়ক ও জলেয়া চাকমাকে সদস্যসচিব করে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়।