খাগড়াছড়ির সাপ্তাহিক হাটে ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
মুদিদোকান থেকে সবজি দোকান—সব জায়গায় শত শত মানুষের জটলা। সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা, ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট চারপাশ। এ চিত্র খাগড়াছড়ির বৃহস্পতিবারের সাপ্তাহিক হাটের।
খাগড়াছড়ি বাজার ঘুরে দেখা যায়, নিচের বাজার মাঠ, লক্ষ্মীনারায়ণ মন্দির সড়ক, পানবাজার, বাজারের বিভিন্ন দোকানের সামনে বসেছেন সবজি বিক্রেতারা। আর তাতে গাঁ-ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করছেন শত শত মানুষ। এ ছাড়া মুদিদোকানগুলোর সামনে মানুষের ভিড়। বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। অনেকে আবার মাস্ক থুতনির নিচে রেখে দিয়েছেন। কোথাও দেখা যায়নি সামাজিক দূরত্ব।
এবারের কঠোর বিধিনিষেধ শুরু হওয়ার পর থেকে খাগড়াছড়িতে গাড়ি চলাচল ও লোকজন দেখা যায়নি। মোড়ে মোড়ে দেখা গিয়েছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে। তবে আজ সাপ্তাহিক হাট হওয়ায় ম্যাজিট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে বিভিন্ন মোড়ে দেখা গেলেও হাটের ভেতরে দেখা যায়নি।
পানখাইয়াপাড়া থেকে বাজার করতে আসা অর্পনা চাকমাকে মাস্ক না পরার কারণ জানতে চাইলে বলেন, ‘গরমের কারণে মাস্ক খুলে রেখেছি। প্রয়োজন হলে পরব।’
অনেকে এসেছেন বাধ্য হয়ে। তেমন একজন কমলছড়ির সুকোমল চাকমা। তিনি বলেন, ‘অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছি না। আমরা খেটে খাওয়া মানুষ। মাঠে লাগানো পুঁইশাক, কলমি শাক, বেগুন নষ্ট হয়ে যাচ্ছে; তাই হাটবাজারে বিক্রি করতে নিয়ে এসেছি। কিন্তু এত লোকজন বাজারে হবে, ভাবিনি। করোনার ভয়ে নামমাত্র মূল্যে পাইকারি দরে দিয়ে চলে যাচ্ছি। প্রশাসনের উচিত আরও একটু কঠোর হওয়া।’
গাছবান এলাকার রথি রঞ্জন ত্রিপুরা বলেন, ‘করোনায় খাগড়াছড়িতেও মারা যাচ্ছে শুনেছি। মনে ভয় থাকলেও বাধ্য হয়ে বাজারে এসেছি। সপ্তাহে এক দিন হাটের দিন। এই এক দিন জুমের সবজি ও মৌসুমি ফল বিক্রি করে সারা সপ্তাহের জন্য লবণ, তেল, পেঁয়াজ, মসলা ও শুঁটকি কিনে নিয়ে যেতে হয়। বাজারে এসে বিক্রি না করলে কী খাব? তাই ভয় হলেও বাজারে এসেছি।’
নাম প্রকাশ না করার শর্তে বাজারের কয়েকজন মুদিদোকানদার বলেন, সাপ্তাহিক হাটে প্রশাসনের কঠোর হওয়া উচিত। যে হারে আজ লোকজন বাজারে এসেছে, আগামী সপ্তাহের হাটে লোকজন আরও বাড়তে পারে। হাটের দিন ছাড় দিলে করোনাভাইরাস থেকে বাঁচার উপায় থাকবে না।
খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি বিশ্বাস বলেন, এ পর্যন্ত খাগড়াছড়িতে ১ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। মারা গেছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের। সামাজিক দূরত্ব না মেনে ভিড় জমিয়ে চলাচল করলে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। খাগড়াছড়িতে যে হারে করোনা রোগী বাড়ছে, স্বাস্থ্যবিধি না মানলে বিপদ ঘটতে পারে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ বলেন, পচনশীল দ্রব্য বিক্রি করতে অনেকে দূরদূরান্ত থেকে সপ্তাহে এক দিন বাজারে আসেন। এগুলো বিক্রি করে সারা সপ্তাহের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে নিয়ে যান। কৃষিপণ্য বিক্রি করতে কোনো বাধা নেই, তাই তাঁদের আসতে দেওয়া হয়েছে।