খাগড়াছড়ির হোটেল-মোটেল খুলে দেওয়া হবে শুক্রবার
করোনাভাইরাসের বিস্তার রোধে ১৯ মার্চ থেকে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল বন্ধ করে দেওয়া হয়েছিল। ২৮ আগস্ট থেকে আবার সব চালু হবে।
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২৮ আগস্ট শুক্রবার থেকে খাগড়াছড়ির সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল খুলে দেওয়া হচ্ছে। রোববার রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় শর্তে সীমিত পরিসরে জেলা পরিষদ পার্ক, রিছাং ঝরনা, আলুটিলা পর্যটনকেন্দ্র ও মায়াবিনী লেক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটনকেন্দ্রে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে। পর্যটকদের মাস্ক ব্যবহার করতে হবে। অসুস্থ অবস্থায় ভ্রমণ করা যাবে না। আর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
প্রতিদিন গড়ে ২-৫ হাজার পর্যটক আসে খাগড়াছড়িতে। জেলার কর্মসংস্থানের ও আয়ের একটি খাত হচ্ছে পর্যটন। পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তে আমরা খুশি।
১৯ মার্চ থেকে করোনাভাইরাসের বিস্তার রোধে জেলার পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকে খাগড়াছড়িতে এসব বন্ধ আছে।
জেলার পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, জেলা ও উপজেলাগুলোতে প্রায় ৪২টি হোটেল-মোটেল আছে। এতে তিন শতাধিক কর্মী কাজ করেন। এ ছাড়া পর্যটকদের সেবার সঙ্গে জড়িত আছেন এক হাজারের বেশি গাড়ির চালক, চালকের সহকারী ও খাবারের দোকানের কর্মচারী। তাদের আয়-রোজগার পর্যটকদের ওপর নির্ভর করে থাকে।
হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, ‘প্রতিদিন গড়ে ২-৫ হাজার পর্যটক আসে খাগড়াছড়িতে। জেলার কর্মসংস্থানের ও আয়ের একটি খাত হচ্ছে পর্যটন। পর্যটন খুলে দেওয়ার সিদ্ধান্তে আমরা খুশি।’
মায়াবিনী লেক পর্যটন উদ্যোগের সভাপতি অংলাপ্রু মারমা বলেন, ‘আয়-রোজগার না থাকায় ৬ জন কর্মচারীকে বিদায় করে দিতে হয়েছে। তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এখন পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার খবর শুনে আমরা স্বস্তি পাচ্ছি।’
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘যেহেতু করোনাভাইরাস পুরোপুরিভাবে যাচ্ছে না, তাই আমাদের ভাইরাসটির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজরদারি থাকবে।’