খাতুনগঞ্জে থইথই পানি, হয়নি বেচাকেনা

দোকানের ভেতরে থইথই পানি। চাল, ডাল, মরিচ, আদা, রসুন, পেঁয়াজের বস্তা ভিজে একাকার। মালিক-কর্মচারী একসঙ্গে মগ-বালতি দিয়ে দোকান থেকে পানি সরানোর কাজ করছেন। দেশে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই, আছদগঞ্জ ও খাতুনগঞ্জের শত শত দোকানে গতকাল শনিবার বেচাকেনা বন্ধ রেখে শুধু পানি সরানোর কাজ চলেছে।
গতকাল দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই, আছদগঞ্জ ও খাতুনগঞ্জের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। চাক্তাই পেরিয়ে খাতুনগঞ্জ হয়ে বকশিরহাট এলাকার পিতাম্বর শাহ দোকান পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ ও আশপাশের গলিতেও পানি ওঠে। পানি ওঠে আছদগঞ্জ এলাকাতেও।
দুপুরে প্রায় কোমরসমান পানি ছিল খাতুনগঞ্জের চাঁন মিয়া সওদাগর লেনে। এখানেই খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়। সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ প্রথম আলোর কাছে দাবি করেন, প্রায় পাঁচ হাজার দোকান, গুদাম ও আড়তে কমবেশি পানি ঢুকেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভোগ্যপণ্য থেকে শুরু করে সিমেন্ট, চট, শুঁটকি ও তেলের দোকানে পানি ঢুকেছে।
বৃষ্টির পানি নামতে না পারা এবং জোয়ারের পানির কারণে এমন অবস্থা হয়েছে বলে জানান ছগির আহমদ। ব্যবসায়ীদের যাতে প্রতিবছর এমন ক্ষতির শিকার হতে না হয়, সে জন্য কর্ণফুলী নদী ও চাক্তাই খাল ড্রেজিং করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
খাতুনগঞ্জ ছাড়াও গতকাল নগরের আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়।
মা ও শিশু জেনারেল হাসপাতালে গতকাল দ্বিতীয় দিনের মতো পানি ঢুকেছে। এতে রোগী ও স্বজনেরা দুর্ভোগে পড়েন। হাসপাতালের পরিচালক নুরুল হক জানান, পানিতে রোগীদের কষ্ট ছিল সীমাহীন। পানির কারণে হাসপাতালে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। রিকশা করে রোগীরা হাসপাতালে এসেছে।
ব্যবসায়ীরা জানান, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে প্রবল বর্ষণ এবং জোয়ারের পানির কারণে গত শুক্রবারও খাতুনগঞ্জে পানি ওঠে। তবে গতকাল সকাল সাতটার দিকে বৃষ্টি থেমে যাওয়ার পর আবারও পানি উঠবে—এটি তাঁদের চিন্তায় ছিল না। যে কারণে আগাম প্রস্তুতিও ছিল না বেশির ভাগ ব্যবসায়ীর।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, পূর্ণিমার পাশাপাশি পূবালী বাতাসের কারণে জোয়ারের পানি বেড়েছে। গত কয়েক দিনে টানা বৃষ্টির কারণে নদীর পানির উচ্চতাও বেড়েছে। ফলে স্বাভাবিকের চেয়ে বাড়তি জোয়ারের পানি লোকালয়ে ঢুকেছে। আজ রোববারও বাড়তি জোয়ার হতে পারে বলে তিনি জানান।
আবহাওয়া দপ্তর সূত্রে জানায়, শুক্রবার বেলা তিনটা থেকে গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত চট্টগ্রামে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন জানান, শুক্রবার রাতভর ব্যবসায়ীরা দোকানের পানি পরিষ্কার করেছেন। গতকালও পানি ওঠায় বেচাকেনা কার্যত বন্ধ ছিল।
দুপুরে খাতুনগঞ্জের আনোয়ার ট্রেডার্সে গিয়ে দেখা যায়, হাঁটুপানিতে তলিয়ে আছে দোকান। আদা, পেঁয়াজ ও মরিচের বস্তা ভিজে গেছে। দোকানের কর্মচারী রুহুল আমিন জানান, কত ক্ষতি হয়েছে, তা হিসাব করা ছাড়া বলা সম্ভব নয়।
চক্তাই রূপসা ট্রেডার্সের মালিক মো. সোলায়মান জানান, দোকানের ৩০ বস্তা চাল নষ্ট হয়েছে। এত পানি ওঠায় তিনি রীতিমতো অবাক।
আছদগঞ্জের শুঁটকিপট্টিতে হাঁটুর ওপরে পানি ছিল। রফিক নামে এক দোকানি জানান, এমন পানি তিনি জীবনে দেখেননি।
এ ছাড়া সিমেন্ট, রড, তেল, টিন, সাবানসহ বিভিন্ন পাইকারি দোকানও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাতুনগঞ্জের রাজাখালী সড়কের ডায়মন্ড রাইস মিলে গিয়ে দেখা যায়, চারপাশে পানি থইথই করছে। মিলের মালিক ওমর আজগর বলেন, টানা বৃষ্টি ও জোয়ারে পানি দোকানে ওঠায় ব্যবসাপাতি বন্ধ।