খাদ্য কর্মকর্তাকে গালমন্দ করলেন উপজেলা চেয়ারম্যান, অডিও ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার সোনাতলা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলাকে গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামানের বিরুদ্ধে। ওই দুজনের মুঠোফোনে কথোপকথনের একটি অডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। মিনহাদুজ্জামান বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ সাহাদারা মান্নানের ছোট ভাই।

অডিও ক্লিপটি প্রায় পাঁচ মাস আগের বলে দাবি করেন সোনাতলা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা। তিনি বলেন, ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে তাঁকে উপজেলা চেয়ারম্যান আপত্তিকর ভাষায় ফোনে গালমন্দ করেছিলেন সত্য। তবে বিষয়টি তখনই মিটমাট হয়ে গেছে। ফোনালাপ তিনি রেকর্ড করেননি, কীভাবে তা ছড়াল তা বুঝতে পারছেন না। গোলাম মওলার ধারণা, উপজেলা চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে, এমন কেউ কল রেকর্ডটি ফাঁস করে থাকতে পারেন।

গালমন্দ করার বিষয়টি ওই সময় সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) উপজেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা জানতেন বলেও দাবি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে ইউএনও সাদিয়া আফরিন বলেন, কয়েক মাস আগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, উপজেলা চেয়ারম্যান আপত্তিকর ভাষায় গালমন্দ ও হুমকি প্রদানের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সোনাতলা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক। তিনি ইতিমধ্যে সোনাতলা উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশ্রাফুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সোনাতলা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নিজে থেকেই বদলির আবেদন করেছেন। তবে তাঁর বর্তমান মেয়াদকাল দুই বছর পূর্ণ হয়নি।

২ মিনিট ১১ সেকেন্ডের অডিও ক্লিপটি নিচে তুলে ধরা হলো—

জনৈক ব্যক্তি: আসসালামু আলাইকুম।
গোলাম মওলা: ওয়াআলাইকুম আসসালাম।
জনৈক ব্যক্তি: চেয়ারম্যান স্যার কথা বলবেন।
গোলাম মওলা: জি জি দেন।
মিনহাদুজ্জামান: হ্যাঁ, টিএফও সাব।
গোলাম মওলা: জি জি আসসালামু আলাইকুম।
মিনহাদুজ্জামান: আপনি কোথায় বলেন তো?
গোলাম মওলা: জি, আমি অফিসেই আছি এখনো।
মিনহাদুজ্জামান: আচ্ছা, একটা মোটরসাইকেল নিয়ে গহরপাড়া গ্রামে আসেন এই মুহূর্তে।
গোলাম মওলা: স্যার, এইটা আপনাকে বোঝানোর মতো শক্তি আমার নাই। কারণ হলো এই খানে...।
মিনহাদুজ্জামান: আপনি আসেন বুঝাইয়া দিচ্ছি।
গোলাম মওলা: শোনেন, যেহেতু এই খানে ডিলার নিয়োগ অলরেডি আগে থেকেই আছে, প্রতিবছর চালান জমা দিয়ে আসতিছে, কন্টিনিউ আছে...।
মিনহাদুজ্জামান: আপনি আমাকে গতবার কী করে দুজন ডিলার দিলেন?
গোলাম মওলা: গতবার তো আমি ছিলাম না, গতবারের কথা তো আমি বলতে পারব না, গতবার তো...।

মিনহাদুজ্জামান: যাই হোক হইছে ডিলার।
গোলাম মওলা: যদি কোনো ডিলার শর্ট থাকত, অথবা যদি কোনো ডিলারের ক্লেম থাকে। শোনেন আমি বলি, যদি কোনো ডিলার শর্ট থাকে, যদি কোনো ডিলার অনুপস্থিত থাকে, যদি কোনো ডিলারের লাইসেন্স নবায়ন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার ডিলারশিপ বাতিল থাকবে। আপনি এ বিষয়ে ইউএনও স্যার, এমপি স্যার মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। আর এই এইটা, আজকে আমার দ্বারা এইটা, তা হলে ওএমএস কার্যক্রম যদি বন্ধ থাকে, এই জন্য তো আমি দায়ী থাকব না। এটা কার্যক্রম তো এক দিন দুই দিনের বিষয় না, এটা লম্বা প্রসেস। মিনিমাম দু–চার দিন, পাঁচ দিন সময় লাগবে।

মিনহাদুজ্জামান: আপনি আসেন, এখানে আসতে বলতেছি এখানে আসেন।
গোলাম মওলা: স্যার আমি বলি, আমি সত্যি বলতেছি, এই মুহূর্তে আমার বেশ কিছু চিঠিপত্র করা লাগতিছে, তারপর এই যে গোডাউনে মাল যাবে, তারপর আবার আটা আসতিছে, আবার এই মালগুলা তো দিতে হচ্ছে স্যার।
মিনহাদুজ্জামান: হ্যাঁ, তার মানে কী?
গোলাম মওলা: আমি কালকে দেখা করি স্যার? না মানে আমি, আমাক স্যার আপনি এক কথা বলতিছেন, আরেকজন আরেক কথা বলতিছে। আমি স্যার কোন দিকে যাব বলেন?
মিনহাদুজ্জামান: ওই মিঞা?...।...আমি বলি, আরেকজন কথা বলছে ব্যাটা, আমি উপজেলা চেয়ারম্যান কথা বলতেছি। ফাজলামি করো, তাই না?
গোলাম মওলা: স্যার, আপনি স্যার, আমি সদয় ব্যবহার করতিছি। আপনি লাঙ্গুয়েজটা অন্তত ভালো ব্যবহার করেন।
মিনহাদুজ্জামান: বেয়াদবের মতো কথা বলেন কেন আপনি? কীভাবে কথা বলছেন আপনি? বিভিন্ন মানুষ বলতিছে মানে?
গোলাম মওলা: বেয়াদবি করিনি। স্যার, আমি কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি স্যার।
মিনহাদুজ্জামান: বিভিন্ন মানুষ কথা বলতিছে মানে কী?
গোলাম মওলা: স্যার, আমার ডিসি ফুডের সঙ্গে কথা বলেন। আমি নিম্ন কর্মচারী। স্যার, আপনি ডিসি ফুডের সঙ্গে কথা বলেন।
মিনহাদুজ্জামান: আপনি ডিসি ফুডের সঙ্গে কথা বলবেন।
গোলাম মওলা: আমি কথা বলতে পারব না। আমি নম্বর দিচ্ছি আপনি কথা বলেন স্যার, আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, এটা তো ঠিক নয়, স্যার।

এ বিষয়ে জানতে চাইলে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান প্রথম আলোকে নিশ্চিত করেন, ফাঁস হওয়া অডিওর কণ্ঠ তাঁরই। তবে তা এডিটেড দাবি করে তিনি বলেন, ‘ওই খাদ্য নিয়ন্ত্রক কোনো প্রকার সভা না করেই জনপ্রতিনিধিদের ডিলার নিয়োগ দেন। এ নিয়ে মুঠোফোনে তাঁর সঙ্গে কয়েক মাস আগে কথা বলেছিলাম। তবে সেই ফোনালাপ খণ্ডিত ও বিকৃত করে তা আংশিক অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে।’