বগুড়ায় ১০ টাকা কেজির চালের ডিলার নিয়োগ
খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে হামলা, যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
বগুড়ার গাবতলী উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে গত রোববার দুপুরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাঁরা খাদ্য কর্মকর্তাকে মারধরও করেন। এ ঘটনায় পুলিশ রোববার রাতে ও গতকাল সোমবার অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে।
উপজেলায় দরিদ্রদের ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার নিয়োগ নিয়ে এ ঘটনা ঘটেছে। উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ১১টি ইউনিয়নের দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ২৮ জন ডিলার নিয়োগ করা হয়। এ জন্য ৪৬টি আবেদন পড়ে। এর মধ্যে ১৮ জনের নিয়োগ আদেশ আগেই চূড়ান্ত হয়। বাকি ১০ জন ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে—এ অভিযোগ এনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের বেশ কিছু নেতা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর উপজেলা ডিলার নিয়োগ কমিটি যোগ্যদের নিয়োগ আদেশ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী রোববার দুপুর দেড়টার দিকে তাঁর কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা তাঁকে মারধরও করেন।
এদিকে হামলা ঘটনার পরপরই সংবাদ সম্মেলন ডেকে ডিলার নিয়োগে ইউএনও, এসি ল্যান্ড ও খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য জাফরু পাইকার উপস্থিত ছিলেন।
হামলা ও মারধরের ঘটনায় খাদ্য কর্মকর্তা রোববার সন্ধ্যায় গাবতলী মডেল থানায় একটি মামলা করেন। মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের ১৯ নেতা ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়। পুলিশ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, গাবতলী পৌর যুবলীগের সহসভাপতি আবদুল হান্নান এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ বলেন, মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, খাদ্য কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা কালো ব্যাজ পরেন। সমাবেশে ইউএনও আহসান হাবিব বলেন, ডিলার নিয়োগে অনিয়ম হয়নি। এরপরও অনিয়মের অভিযোগ তুলে সরকারি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করা হয়েছে।
সমাবেশে ডিলার যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) রামকৃষ্ণ বর্মণ, প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছুর রহমান, কৃষি কর্মকর্তা আ জা মু আহসান শহীদ সরকার, পুষ্টিবিদ মফিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণ বর্মণ বলেন, ডিলার হতে গেলে কমপক্ষে ১৫ মেট্রিক টন ধারণক্ষমতার গুদামঘর, ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ব্যবসার ট্রেড লাইসেন্স থাকতে হবে। বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ দাখিলের পর এসব শর্ত পূরণের বিষয়টি যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের ডিলার নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। ডিলার নিয়োগে অনিয়ম হয়নি।
যুবলীগের জাফরু পাইকার গতকাল বলেন, উপজেলার বাগবাড়ি বাজারের একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানকে গুদাম দেখিয়ে এক কলেজ শিক্ষক ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্য ব্যক্তির নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাও ডিলার হয়েছেন। নিয়োগ কমিটির কর্মকর্তারা টাকার বিনিময়ে এসব অনিয়ম করেছেন। উল্টো আওয়ামী লীগের নেতারা খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে নিজেরা হামলা-ভাঙচুরের নাটক সাজিয়ে এখন যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগকে ফাঁসাতে চাইছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান বলেন, আওয়ামী লীগের নেতারা এ ঘটনায় জড়িত না। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলা-ভাঙচুরের ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।