খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের ডিলার হওয়ায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলার মানচিত্র

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ও খোলা বাজারে বিক্রির (ওএমএস) ডিলার হওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সদস্য পদপ্রার্থী এই তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) ডিলার হওয়ায় রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী ইমাম হোসেন হাওলাদার, চরমোন্তাজ ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী হাবিবুর রহমান এবং ওএমএসের ডিলার হওয়ায় ছোটবাইশদিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী রুহুল কুদ্দুসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তাঁরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপিল করতে পারবেন। আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত আপিল নিষ্পত্তির সময়সীমা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, ইউপি নির্বাচন আইনের ২৬ ধারার ২ উপধারার(ছ) অনুচ্ছেদ অনুসারে, তিন ইউপি সদস্যপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপিল করতে পারবেন। আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত আপিল নিষ্পত্তির সময়সীমা।

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর এই তিন ইউপিসহ উপজেলার চারটি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই চার ইউপিতে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ ওয়ার্ড সদস্যপদে ১৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।