খানাখন্দে ভরপুর, দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কটি বেহাল। আজ শনিবার সকালে সড়কের বীর দক্ষিণ গ্রামের সামনে থেকে তোলা
ছবি: সালেহ আহমদ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কটি খানাখন্দে ভরপুর। খানাখন্দের কারণে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী সাতটি গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদ ও জালধরা হাওরের তীরঘেঁষা এই ফজলুল হক সেলবর্ষী সড়কটি দৈর্ঘ্য দেড় কিলোমিটার। ওই সড়কের বীর দক্ষিণ গ্রামের সামনে থেকে এক কিলোমিটার সড়ক পাকাকরণ, প্রতিরক্ষাদেয়াল নির্মাণসহ সড়ক উন্নয়নকাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ৮৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। ২০১৩ সালের জুনের শেষ সপ্তাহে এই কাজ পায় মেসার্স হেমায়েত আলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার ২০১৪ সালের মার্চ মাসে কাজ শুরু করে ২০১৫ সালের জানুয়ারির শেষ সপ্তাহে কাজ শেষ করেন।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে সড়কটির প্রতিরক্ষাদেয়াল ধসে পড়ে। সড়কের বাকি আধা কিলোমিটার স্থান সরকারি বিভিন্ন বরাদ্দ দিয়ে পাকাকরণ করা হয়। কিন্তু ওই সড়কের দেড় কিলোমিটার স্থানই মনাই নদ ও জালধরা হাওরের তীর ঘেঁষে অবস্থিত। হাওর ও নদের প্রবল ঢেউয়ের কারণে এটির বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।
সড়কটির ওপর দিয়ে স্কুল, কলেজেপড়ুয়া শিক্ষার্থী ছাড়াও এখানকার মাইজবাড়ী, প্রচারপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, সলপ, মাটিকাটা, বীরগ্রামসহ আশপাশের প্রায় ১৫ হাজার মানুষ চলাচল করে। গত বর্ষা মৌসুমে একাধিকবার বন্যা হওয়ায় সড়কটির বেশির ভাগ স্থানের ব্যাপক ক্ষতি হয়।

বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়াদুল ইসলাম এবং বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী চাঁদনি আক্তার জানায়, ‘যানবাহনে চড়ে সড়কটির ওপর দিয়ে চলাচল করলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। দ্রুত সড়কটি সংস্কার ও মেরামত করার দাবি জানাচ্ছি।’

সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের ইজিবাইকচালক মিনার হোসেন (৩৫) বলেন, ‘সড়কটা ভাইংগা দিন দিন ছুডু (সরু) অইয়া যাইতাছে। গাড়ির উফর যাত্রী লইয়া চলাচল করলে কহন জানি কিতা অয়, হেই চিন্তায় বুক ধড়ফড় করে। হত্তিদিনই কুনু না কুনু অ্যাকসিডেন্ট সড়কটাত অইতাছে। এইডার কাম কহন যে অইব, তা উফুর ওয়ালাই জানেন।’

সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শওকত আলী বলেন, সড়কটি সংস্কার ও মেরামতের জন্য উপজেলা প্রকৌশলীকে কয়েকবার মৌখিকভাবে জানালেও কোনো কাজ হয়নি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কারের জন্য কয়েক মাস আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এখনো এ নিয়ে কোনো সদুত্তর মেলেনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ওরফে রোকন প্রথম আলোকে বলেন, এই সড়ক খুবই গুরুত্বপূর্ণ। এটির সংস্কার ও মেরামত নিয়ে খুব শিগগির এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।