খানাখন্দে ভরা সখীপুরের কচুয়া-আড়াইপাড়া সড়ক, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গর্ত রয়েছে। সড়কের পাশে কোনো নর্দমা না থাকায় একটু বৃষ্টি হলেই গর্তগুলোয় পানি জমে যায়
ছবি: ইকবাল গফুর

কিছুদূর পরপরই বড় গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। যানবাহনের চাকা গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। এই দুরবস্থা টাঙ্গাইলের সখীপুরের কচুয়া-আড়াইপাড়া তিন কিলোমিটার সড়কে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র তিন কিলোমিটার হলেও সখীপুরের কচুয়া-আড়াইপাড়া সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের মানুষের ময়মনসিংহ বিভাগীয় শহরসহ ভালুকা, ত্রিশাল ও গফরগাঁও যেতে হলে এই সড়ক ব্যবহার করতে হয়। ফলে প্রতিদিন অসংখ্য ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, মালবোঝাই ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন এ সড়কে চলাচল করে।

বুধবার সরেজমিনে দেখা যায়, ওই সড়কে অন্তত ১০টি বড় গর্ত রয়েছে। প্রতিটি গর্ত ১০ থেকে ১২ ফুট লম্বা ও গভীরতা প্রায় ১ ফুট। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গর্ত রয়েছে। সড়কের পাশে কোনো নর্দমা না থাকায় একটু বৃষ্টি হলেই গর্তগুলোয় পানি জমে যায়। প্রতিদিনই কোনো না কোনো যানবাহন এসব গর্তে আটকা পড়ছে। যানবাহনের চাকা গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে।

কালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জোয়াহের মিয়া প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাতে তাঁর বাড়ির পাশে সড়কের এক বড় গর্তে বাঁশবোঝাই একটি ট্রাক আটকে যায়। আজ বুধবার বেলা ১১টায় ওই গর্ত থেকে ট্রাকটি ক্রেন দিয়ে টেনে তোলা হয়। ফলে ভোর থেকে ওই স্থানে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে।

গতকাল রাতে বাঁশবোঝাই ট্রাকটি গর্তে আটকে যায়। আজ বেলা ১১টায় ট্রাকটি ক্রেন দিয়ে ওই গর্ত থেকে টেনে তোলা হয়
ছবি: ইকবাল গফুর

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের বাসিন্দা আবদুল খালেক তাঁর ব্যক্তিগত প্রয়োজনে সখীপুরের কচুয়া গ্রামে আসেন। ওই জায়গায় ট্রাক আটকে যাওয়ায় মোটরসাইকেল নিয়ে তিনি আর গন্তব্যে পৌঁছাতে পারেননি। আশপাশে বিকল্প সড়ক না থাকায় তিনি অবশেষে ফিরে গেছেন।

কালিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হাশেম বলেন, ‘সখীপুরের কেউ গুরুতর অসুস্থ হলে, আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হলে সড়কটির কোনো বিকল্প নেই। এ সড়ক বেহাল দেখে চলাচলকারী যাত্রীরা আমাকে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যকে শুধু বকাবকি করেন।’

এ প্রসঙ্গে উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসান ইবনে মিজান প্রথম আলোকে বলেন, সড়কটি পরিদর্শন করা হয়েছে। এটি সংস্কারে প্রাক্কলিত ব্যয় জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শিগগিরই ওই সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।