খানাখন্দে ভরা সড়ক, চলাচলে ভোগান্তি

ফুলবাড়িয়া উপজেলার মানুষ এই সড়ক ব্যবহার করেন। মহানগরীর বেশ কটি ওয়ার্ডের বাসিন্দারাও চলাচল করেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের কিছু অংশে খানাখন্দ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন লোকজন। ময়মনসিংহ নগরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় গত বুধবার
প্রথম আলো

সড়ক খানাখন্দ। কোথাও পিচ ঢালাই আছে, কোথাও নেই। বৃষ্টিতে পানি-কাদায় একাকার সড়কটি। দুর্ভোগ নিয়ে চলাচল করছেন লোকজন। ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের জিলা স্কুল মোড় থেকে আকুয়া বাইপাস পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার অংশের অবস্থা বেহাল।

এ সড়ক সিটি করপোরেশন এলাকার মধ্যে পড়লেও তা সড়ক ও জনপথ বিভাগের অধীনে। এক বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা এখন নাজুক। স্থানীয় ফারহান হোসেন বলেন, পুরো ফুলবাড়িয়া উপজেলার মানুষ এই সড়ক ব্যবহার করেন। এ ছাড়া মহানগরীর বেশ কটি ওয়ার্ডের বাসিন্দারা চলাচল করেন। এত চাপ থাকা সত্ত্বেও রাস্তাটির দিকে কর্তৃপক্ষের নজর নেই। বর্ষায় অবস্থা বেশি খারাপ হয়েছে এ সড়কের।

সড়কের সবচেয়ে খারাপ অবস্থা ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড রেলক্রসিং থেকে মাদ্রাসা কোয়ার্টার কবরস্থানের একটু সামনে পর্যন্ত।
বিল্লাল হোসেন, সিএনজিচালিত অটোরিকশাচালক

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়িয়া উপজেলা থেকে মহানগরীতে প্রবেশের প্রধান পথ এই সড়ক। সড়কজুড়ে খানাখন্দ আর গর্ত। বেরিয়ে পড়েছে ইটের খোয়া ও বালু–পাথর। সেখানে জমে আছে পানি। স্থানীয় ব্যক্তিরা বলেন, চলতি বর্ষায় খানাখন্দগুলো রূপ নিয়েছে বড় বড় গর্তে। ইট, বালু আর সুরকি ফেলে গর্ত ভরাটের চেষ্টা করা হয়েছিল। কিন্তু বৃষ্টির পানিতে সেগুলোও উঠে গেছে। ফলে যানবাহনগুলো চলছে ঝুঁকি নিয়ে।

অটোরিকশাচালক মামুন মিয়া বলেন, আগেও এ সড়কে চলাচলে সমস্যা হতো। কিন্তু বর্ষা শুরু হওয়ার পর থেকে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অল্প বৃষ্টিতেই সেই সব গর্তসহ সড়কে পানি জমে যায়। ফলে কোনটা ছোট গর্ত আর কোথায় বড় গর্ত, তা বোঝার উপায় থাকে না। ঝাঁকুনি খেতে খেতে চলতে হয় পুরো পথ।

সিএনজিচালক বিল্লাল হোসেন বলেন, সড়কের সবচেয়ে খারাপ অবস্থা ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড রেলক্রসিং থেকে মাদ্রাসা কোয়ার্টার কবরস্থানের একটু সামনে পর্যন্ত। বৃষ্টির দিন সিএনজিচালিত অটোরিকশার অর্ধেক তলিয়ে যায়।

যাত্রী সাইফুল ইসলাম বলেন, সড়কটির পানিনিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি না থাকলেও পানি জমে থাকে। তবু বাধ্য হয়েই তাঁদের চলাচল করতে হচ্ছে।

সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য সড়ক বিভাগকে তাগাদা দেওয়া হয়েছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, সড়কটি নতুন করে নির্মাণের জন্য ৪ কোটি ২০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। দরপত্রপ্রক্রিয়া শেষ করে জুলাই মাসে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। বর্ষা শেষ হলে কাজ শুরু করা হবে।