খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল
পিচঢালাই উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমে থাকে। ধারণক্ষমতার চেয়ে বেশি ওজন নিয়ে ট্রাক চলাচল করায় এ দুরবস্থা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর পাকুল্যা-লাউহাটী সড়কের। এ কারণে এ সড়ক দিয়ে দেড় বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মির্জাপুর কার্যালয় সূত্র জানায়, ২০০৪ সালের মার্চ মাসে ১৩ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ পাকুল্যা-লাউহাটী সড়কটি নির্মাণ করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে যুক্ত এ সড়ক দিয়ে পাশের দেলদুয়ার, নাগরপুর এবং মানিকগঞ্জের সাটুরিয়া ও ঢাকার ধামরাই উপজেলা হয়ে রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার লোকজন যাতায়াত করে থাকেন। যানজট থেকে রেহাই পেতে বিকল্প হিসেবেও সড়কটি ব্যবহার করা হয়।
এলজিইডি মির্জাপুর কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে ২০১৫ সালের ডিসেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ ট্রেডার্স মির্জাপুর অংশের ১০ কিলোমিটার অংশ সংস্কারের জন্য কাজ শুরু করেন। এ কাজের জন্য প্রায় ৩ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সড়কের কিছু অংশে কাজ করার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে রেখেছিল। এ নিয়ে ২০১৬ সালের ১৭ অক্টোবর প্রথম আলোতে ‘কাজ ফেলে রেখেছেন ঠিকাদার’ শিরোনামে ছবিসহ প্রতিবেদন ছাপা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান যেনতেনভাবে কাজ শেষ করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের শুরু পাকুল্যা বাজারের দক্ষিণ পাশে প্রায় ১০০ ফুট এলাকায় বড় বড় গর্ত। স্থানীয় লোকজন ইটের টুকরা ফেলে চলাচল করছেন। সেখানে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান। এভাবে সারা সড়কে ছোট-বড় গর্ত রয়েছে। গর্তগুলো কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত গভীর। এর মধ্যে পাকুল্যা, গুনটিয়া, চুকুরিয়া, ভররা, গল্লি, কাওয়ালীপাড়া, ভাবখন্ড, কুরালিয়াপাড়া, পল্টন ও দেওড়া এলাকার বিভিন্ন স্থানে ২৫ থেকে ২০০ ফুট পর্যন্ত এলাকায় পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এ সড়কের করুণ অবস্থার চিত্র ফুটে উঠেছে ভ্যানচালক সেন্টু পালের কথায়। তিনি বলেন,‘রাস্তা ভাঙার কারণে অ্যাক্সিডেন্ট অয়। আমরা গরিব মানুষ। টলি একবার উল্টা গেলেই তিন-চার আজার ট্যাকা জরিমানার তলে পড়ুম। দুই বছরের বেশি সময় অইছে। রাস্তা নষ্ট। কেউ দ্যাহে না। ’
পাকুল্যা অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক মো. শাহালম হোসেন বলেন, ১৩ কিলোমিটার রাস্তার ১০ কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। প্রায় তিন বছর ধরে রাস্তার এ অবস্থা। কিন্তু কেউ খোঁজ নেন না।
সিএনজিচালিত অটোরিকশাচালক গোবিন্দ বলেন, ভাঙা রাস্তায় অটোরিকশার যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। অটোরিকশার ঝাঁকুনিতে যাত্রীদের শরীরে ব্যথা হচ্ছে। মাসে ১০ হাজার টাকা আয় করলে ৮-৯ হাজার টাকা মিস্ত্রি খরচ দিতে হয়।
অটোরিকশাচালক ছানোয়ার হোসেন বলেন, সাধারণ রোগী ছাড়াও প্রসূতি নারীদের রাস্তায় যাতায়াতে বেশি কষ্ট হয়। অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মালবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপসহ গড়ে প্রতিদিন রাস্তাটিতে প্রায় ছয় হাজার যান চলে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফ হোসেন জানান, ১৫ টন ধারণক্ষমতার সড়কের অনেক সময় ৫০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলে। বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে।