খাবার ও নগদ টাকা পেয়ে স্বস্তি ফিরেছে স্বামীহারা শিরিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার ও নগদ টাকা তুলে দেওয়া হয়েছে শিরিন আক্তারের হাতে। বৃহস্পতিবার বেলা দেড়টায় সিলেট সদর উপজেলার ঘোপাল এলাকায়
ছবি: প্রথম আলো

খাবার ও নগদ টাকা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে সিলেট সদর উপজেলার ঘোপাল এলাকার স্বামীহারা তরুণী শিরিন আক্তারের (২৫)। বৃহস্পতিবার বেলা দেড়টায় আল কলম ইসলামিক সেন্টার ও মাদলের পক্ষ থেকে তরুণীর হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়। এর আগে সকালে প্রথম আলো বন্ধুসভা সিলেটের পক্ষ থেকে তরুণীর পরিবারের জন্য ১৫ দিনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

২৫ জুন প্রথম আলো অনলাইনে ‘স্বামী হারানো তরুণী শিরিনের বিপদ আরও বাড়িয়েছে বন্যা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত মার্চে শিরিনের স্বামী ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর স্বামী একটি লন্ড্রিতে কাজ করতেন। হঠাৎ স্বামীর মৃত্যুতে স্কুল ও মাদ্রাসাপড়ুয়া দুই মেয়েকে নিয়ে অকূল সাগরে পড়েন শিরিন। সন্তানদের মুখে ভাত তুলে দিতে নামমাত্র বেতনে তিনি আলু ও পেঁয়াজ কাটার চাকরি নেন। এভাবে সংসারও ঠিকঠাক চলছিল না। এর মধ্যে ঘরে বন্যার পানি ঢুকে শিরিনের বিপদ আরও বাড়িয়েছে।

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। শিরিনের পরিবারকে সহায়তার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে আল কলম ইসলামিক সেন্টার ও মাদলের পক্ষ থেকে তরুণীর হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। মাদলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় অনেক মানুষ বিপাকে পড়েছেন। তাঁদেরই একজন শিরিন। তাঁর দুঃখের কাহিনি জেনে তাঁকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

সিলেটের প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে শিরিনের পরিবারের জন্য চাল, ডাল, সয়াবিন তেল, মসলা, লবণসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বন্ধুসভার সদস্য মো. আবদুল মুহাইমিন বলেন, ১৫ দিনের খাদ্যসামগ্রী তাঁর পরিবারের সদস্যদের জন্য বন্ধুসভা তুলে দিয়েছে।

খাবার ও নগদ টাকা পেয়ে শিরিন আক্তার আবেগাপ্লুত হন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাজ করে যে বেতন পাই, তাতে ঠিকমতো ভাত খেতে পারি না। বাচ্চাগুলোও ছোট। তাদের অসুখ-বিসুখ লেগেই থাকে। খাবার ও নগদ টাকা পেয়ে খুবই উপকার হয়েছে। এতে অন্তত কিছুদিন চলবে।’

আরও পড়ুন