খাবারের বিল চাওয়ায় রেস্তোরাঁ ভাঙচুর
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে একটি রেস্তোরাঁ ভাঙচুর করেছেন একদল যুবক। খাবার খেয়ে বিল পরিশোধ না করা নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাঁদের তর্ক হয়। এর জের ধরে পরে তাঁরা ভাঙচুর চালান।
সাদিয়া’স কিচেন নামে ওই রেস্তোরাঁর দুজন কর্মী প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে চারজন যুবক খাওয়া শেষে বিল না দিয়ে চলে যেতে চান। তাঁরা নিজেদের ‘চট্টগ্রাম কলেজের’ ছাত্র পরিচয় দেন। বিল না দেওয়া নিয়ে ওই যুবকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় রেস্তোরাঁর সমন্বয়কারী মিসবাউল হক এগিয়ে এসে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে মিসবাউলকেও টেনে রেস্তোরাঁর বাইরে রাস্তায় নিয়ে যান তাঁরা। তখন টহল পুলিশ এগিয়ে আসায় তাঁকে ছেড়ে দেন যুবকেরা।
ওই দুই কর্মী বলেন, যুবকেরা যাওয়ার পরই রেস্তোরাঁর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এর প্রায় আধা ঘণ্টা পর ১৫-২০ জন যুবক এসে রেস্তোরাঁয় ভাঙচুর চালান। তাঁরা বাইরে থেকে ইট ছুড়ে ও লাঠি দিয়ে রেস্তোরাঁর নিচতলা ও দোতলার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে কাবাব তৈরির জন্য কাচঘেরা কাঠামো একজন লাথি মেরে ভাঙতে চাইলে তাঁর পায়ে কাচ ঢুকে যায়। পরে তাঁকে নিয়ে তাঁরা চলে যান।
রেস্তোরাঁর সমন্বয়কারী মিসবাউল হক বলেন, ভাঙচুরের পর রেস্তোরাঁটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে চকবাজার থানার ওসি নুরুল হুদা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ছেলেদের সঙ্গে বিল নিয়ে রেস্তোরাঁর কর্মীদের বাগ্বিতণ্ডা হয়েছে। এর জের ধরে তাঁরা রেস্তোরাঁ ভাঙচুর করেছেন। এ ঘটনায় ছাত্রলীগের একজন আহত হয়েছেন। পুলিশের টহল দল ঘটনাস্থল ঘুরে এসেছে। তবে রেস্তোরাঁর পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলেই পুলিশ ব্যবস্থা নেবে।
চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।