খামারির ফাঁদে মেছো বাঘের বাচ্চা, উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার সিংহের বাংলার ভদ্রপাড়া গ্রামে উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চা l ছবি: প্রথম আলো
নেত্রকোনার সিংহের বাংলার ভদ্রপাড়া গ্রামে উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চা l ছবি: প্রথম আলো

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলার ভদ্রপাড়া গ্রামে গত শুক্রবার রাতে এক খামারি ফাঁদ পেতে একটি মেছো বাঘের বাচ্চা আটক করেন। গতকাল শুক্রবার বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে নিয়ে গেছেন।
বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। এটি দেখার জন্য লোকজন ভিড় জমিয়েছে।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা, থানা-পুলিশ ও জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, সিংহের বাংলা ভদ্রপাড়া গ্রামের মো. আহাদ খান গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খামারের জন্য ৫০০ হাঁস কেনেন। এর ১০ দিন পর থেকে প্রতি রাতে তাঁর খামার থেকে ৩টি থেকে ১০টি করে হাঁস কমতে থাকে। তিনি খামারের বেড়ার চারদিকে জাল দিয়ে রাখেন। এতেও কাজ হয়নি। বুধবার সন্ধ্যায় তিনি শহর থেকে লোহার তৈরি ফাঁদসহ একটি খাঁচা বানিয়ে আনেন। খাঁচাটির ভেতর একটি হাঁস রেখে রাতে খামারের এক পাশে রাখা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই ফাঁদে মেছো বাঘের বাচ্চাটি ধরা পড়ে। গতকাল সকালে খবর পেয়ে জেলা বন বিভাগের লোকজন পুলিশ নিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
খামারি মো. আহাদ খান বলেন, ‘বাঘের বাচ্চাটি ১৮ দিনে খামারের ১০৩টি হাঁস খেয়েছে। আমি ভেবেছিলাম শিয়াল অথবা বনবিড়াল জাতীয় কোনো প্রাণী হাঁসগুলো খেয়েছে। পরে ফাঁদে বাঘ ধরা পড়ে। গ্রামের লোকজন বাচ্চাটি মেরে ফেলতে চেয়েছিল। আমি তা হতে দিইনি।’
জেলা বন বিভাগের ফরেস্টার মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা বাঘের বাচ্চাটি উদ্ধার করে কার্যালয়ের একটি কক্ষে এনে রেখেছি। শেরপুর বন্য প্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তাঁদের লোক এলে বাচ্চাটি হস্তান্তর করা হবে। এটি সুস্থ আছে কি না, তা দেখার জন্য জেলা প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়েছে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক বলেন, ‘এটি বন বিভাগের বিষয়। আমাদের দেখার কিছু নেই।’