ব্ল্যাক বেঙ্গল ছাগল মেলা
খামারিরা শোনালেন দিনবদলের গল্প
সরকারিভাবে ২০১৭ সালে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে ব্ল্যাক বেঙ্গল ছাগল নির্বাচিত করা হয়।
সরকারিভাবে ২০১৭ সালে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে ব্ল্যাক বেঙ্গল ছাগল নির্বাচিত করা হয়। তখন থেকেই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চত্বরে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন মেলা ২০২২’।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই মেলার আয়োজন করে। সদর উপজেলার অর্ধশত খামারি তাঁদের পালিত ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে মেলায় অংশ নেন। এ সময় খামারিরা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে তাঁদের দিনবদলের গল্প শোনান।
অ্যাটটা ছাগল দিয়ে শুরু কইরেলাম। অ্যাকন ৪০টা ছাগল নিয়ে আমার সুংসার। ছাগল পুষেই আমার দিনকাল ভালোই চলচে।
মেলায় চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের নাছিমা খাতুন ও সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামকে সেরা খামারি হিসেবে পুরস্কৃত করা হয়। সিরাজুল ইসলাম বলেন, ৩০ বছর ধরে তিনি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে আসছেন। একসময়ের ভূমিহীন সিরাজুল ছাগল পালন করে ভিটা ও চাষের জমি কিনেছেন এবং সন্তানদের মানুষ করেছেন। শুরুর দিকে দুটি ছাগল থাকলেও বর্তমানে তাঁর বিভিন্ন বয়সী ৬০টি ছাগল আছে। যার মধ্যে বিক্রয়–উপযোগী পাঁচটি ছাগলের দাম অন্তত এক লাখ টাকা।
নাসিমা খাতুন জানান, ১০ বছর আগে পার্শ্ববর্তী হাজরাহাটি গ্রামে তাঁর বিয়ে হয়। দুই বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। তিনি বলেন, ‘আমার স্বামী-সন্তান কিচুই নেই। অ্যাটটা ছাগল দিয়ে শুরু কইরেলাম। অ্যাকন ৪০টা ছাগল নিয়ে আমার সুংসার। ছাগলগুনুর আমি সুন্তানের মতো ভালোবাসি। ছাগল পুষেই আমার দিনকাল ভালোই চলচে। য্যাকন ট্যাকার দরকার হয়, অ্যাটটা ছাগল বিক্রি করে দিই। বিক্রির সুমায় ছাগলডার জন্নি মায়ায় বুকটা ফাইটে যায়।’
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উজ্জল হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, গরিবের গাভিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে ২ দফায় ৮ থেকে ১২টি বাচ্চা দেয়। এ ছাগলের মাংস পৃথিবীর সব মাংসের চেয়ে সুস্বাদু। বিশ্বজুড়ে এর চামড়ার খ্যাতি রয়েছে। ছাগলের এই জাত সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণে গবেষণা চলছে। এ জন্য বেশি প্রয়োজন খামারিদের সহযোগিতা করা।
উজ্জল হোসাইন বলেন, প্রতিবছর কোরবানির সময় সিরাজুল ইসলাম ও নাসিমা বেগমের মতো খামারিদের পালন করা ছাগলের চাহিদা ব্যাপক বেড়ে যায়।
সরকারি ছাগলের খামারের দায়িত্বে থাকা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সাংবাদিক রফিকুল ইসলাম, খামারি মাহবুবুল আলম ও তানজিলা সুলতানা বক্তব্য দেন।