খামারের পাশে অজ্ঞাত লাশ, শরীরে বিদ্যুতে পোড়ার দাগ
টাঙ্গাইলের সখীপুরে একটি মুরগির খামারের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের পোড়া দাগ দেখে পুলিশের ধারণা, ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য মুরগির খামারটির মালিককে থানা হেফাজতে রেখেছে পুলিশ। তিনি খামারটির বেড়া রাতের বেলায় বিদ্যুতায়িত করে রাখার বিষয়টি অস্বীকার করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাতগড়া গ্রামে রয়েছে মুরগির খামারটি। এটির মালিক গ্রামের ছামাদ ফকিরের ছেলে শহীদুল ইসলাম ফকির। ওই খামারের দক্ষিণ-পূর্ব পাশে শুক্রবার সকালে অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শুক্রবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, ‘শুনেছি, অনেকেই খামারকে শিয়াল, কুকুর ও চোরের উপদ্রব থেকে রক্ষার জন্য রাতের বেলায় খামারের চারপাশে তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। বিষয়টি খুবই অমানবিক।’
এলাকাবাসী ও পুলিশ বলছে, ভাতগড়া গ্রামের মুরগির খামারটিতেও তারের বেড়া রয়েছে। শিয়াল ও চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে রাতের বেলায় সেটিতে বিদ্যুৎ–সংযোগ দিয়ে রাখা হয়েছিল। রাতের কোনো এক সময়ে ওই বেড়ায় হাত দেওয়ায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন অজ্ঞাতনামা যুবকটি। তাঁর হাতে বৈদ্যুতিক শকের পোড়া দাগ রয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি খামারের মালিক শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে এনেছেন। অবশ্য খামারের তারের বেড়ায় বিদ্যুৎ–সংযোগ দেওয়ার বিষয়টি শহীদুল ইসলাম সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওই খামারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতের পোড়া দাগ থেকে পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবক মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় উদ্ধারে ইনভেস্টিগেশন অব ব্যুরোর (পিবিআই) সাহায্য চাওয়া হয়েছে।