খারাপ করার ভয়ে পালিয়ে যাওয়া ছাত্রটি পেল জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে চিরকুট লিখে পালিয়ে যাওয়া ছাত্র আনাস মো. মোস্তাকিম হককে (১৫) রংপুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পরিবারের সদস্যরা রংপুর থেকে তাকে সীতাকুণ্ডে নিয়ে আসেন। এসএসসিতে খারাপ ফল করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া আনাস জিপিএ-৫ পেয়েছে।

আনাসের পরিবার ও পুলিশ জানায়, আনাস মো. মোস্তাকিম হক চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। পদার্থবিজ্ঞান পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে সে অস্থির ছিল। গত ২২ ডিসেম্বর চিরকুট লিখে বাড়ি থেকে পালিয়ে রংপুরে গিয়ে সে আত্মগোপন করে। পরের দিন ২৩ ডিসেম্বর তার বড় ভাই আজমাইন ফয়সাল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চিরকুটে লেখা ছিল, ‘আম্মু আমি চলে যাচ্ছি। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার কাছে বাসা ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো রাস্তা খোলা ছিল না। রেজাল্ট জানি না কী হবে। তবে এটা নিশ্চিত যে জিপিএ-৫ আসবে না। সব দোষ আমার।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ফল প্রকাশের পর আনাস তার মুঠোফোনটি চালু করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় আনাসের অবস্থান নিশ্চিত করা হয়। পরে তাকে রংপুর থেকে উদ্ধার করা হয়।

মোস্তাকিম প্রথম আলোকে বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষা দেওয়ার পর তার মন খারাপ হয়ে যায়। তার ধারণা হয়েছিল, ওই বিষয়ে সে এ প্লাস পাবে না। আর একটা বিষয়ে এ প্লাস না পেলে ভবিষ্যতে ভালো কোনো কলেজে ভর্তি কিংবা ভালো চাকরির সুযোগ হবে না। ২২ ডিসেম্বর সে বাসে করে রংপুর দর্শনা মোড় এলাকায় যায়। সেখানে সিলসিলা হোটেলে সে থাকা-খাওয়ার বিনিময়ে হোটেলবয়ের কাজ নেয়। সে আর কখনো এ ধরনের কাজ করবে না বলে সবাইকে আশ্বস্ত করেছে।