
কোনো কারণে মূল প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন। এই বিবেচনায় ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে দলীয় সিদ্ধান্তেই বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দলের মূল প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সল আমীন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা বিএনপির আরেক সহসভাপতি চৌধুরী মো. গোলাম সারোয়ার।
গত শনিবার যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্রই বৈধ হিসেবে গৃহীত হয়। এরপর গোলাম সারোয়ার নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ ঘটনাকে দলীয় নেতাদের কেউ কেউ খাল কেটে কুমির আনা হয়েছে বলে মন্তব্য করেছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার বলেন, ‘আমি বিএনপি থেকে পদত্যাগ করেই স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হয়েছি। পৌরসভার ভোটারদের অনুরোধেই আমি নির্বাচন চালিয়ে যেতে চাচ্ছি। দলের প্রার্থী নির্বাচনে আমার প্রতি যে অবজ্ঞা করা হয়েছে, পৌরবাসী আমাকে জয়ী করে এর জবাব দেবেন বলে আমি বিশ্বাস করি।’
দলীয় সিদ্ধান্তে বিএনপির দুই প্রার্থীর বিষয়ে এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা নির্বাচনে বিএনপির দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে মির্জা ফয়সল আমীন দলীয়ভাবে, আর সারোয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক সময় বানান ভুলের কারণেও মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির পৌর কমিটির এক নেতা বলেন, ‘প্রক্সি দিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারোয়ার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কথা ছিল মির্জা ফয়সলের মনোনয়ন বৈধ হলে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। কিন্তু এখন নিজেই ভোট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এটা অনেকটা আমাদের জন্য খাল কেটে কুমির আনার মতো হয়েছে।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান বলেন, ‘দলের মূল মেয়র প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারোয়ার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখন শুনছি তিনিও নির্বাচন করবেন। অভিমান থেকেই তিনি হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। আশা করা যায়, তাঁর এই অভিমান দু-এক দিনের মধ্যে কেটে যাবে।’
বিএনপির দলীয় প্রার্থী মির্জা ফয়সল বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলের সিদ্ধান্তেই সারোয়ারকেও মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছিল। এখন আমার মনোনয়নপত্র টিকে গেছে। তাই আশা করি, সারোয়ার তাঁর প্রার্থিতা প্রত্যাহার করবেন।’