খাল খননের মাটিতে নষ্ট হচ্ছে ফসলের খেত

পাউবোর উদ্যোগে রাজাখালি ও কেষ্টখালি খালের খননকাজ শুরু হয় গত ২৯ এপ্রিল থেকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাল খনন করে মাটি ফেলা হচ্ছে পাশের ফসলের খেতে। গত ২৫ মে সালথার গট্টি ইউনিয়নের কেষ্টাখালী এলাকায়
ছবি: প্রথম আলো

ফরিদপুরের সালথায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় দুটি খাল পুনঃখননের কাজ চলছে। তবে নির্ধারিত প্রস্থ ও উচ্চতা মেনে খনন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, খনন করে খালের মাটি ফেলা হচ্ছে পাশে, যাতে ফসলের খেত নষ্ট হচ্ছে।

খরা মৌসুমে খালে পানি সংরক্ষণ ও কৃষিজমিতে পানি সেচের জন্য ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি ব্যবস্থা প্রকল্প’-এর অধীনে পাউবোর উদ্যোগে এই দুই খালের খননকাজ পুনরায় শুরু হয় গত ২৯ এপ্রিল থেকে।

উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ এলাকা দিয়ে বয়ে যাওয়া বুড়িদিয়া নদী থেকে বাইনাখালি পর্যন্ত এক কিলোমিটার রাজাবাড়ি খাল এবং মোড়হাট এলাকা দিয়ে বয়ে যাওয়া কুমার নদী থেকে দীঘের বিল পর্যন্ত ১ দশমিক ২৫০ কিলোমিটার কেষ্টখালি খালের খননকাজ চলছে। খননকাজ বাস্তবায়নে রয়েছে কুমিল্লার মেসার্স সারা এন্টারপ্রাইজ।

এতে ব্যয় হবে ৩৭ লাখ ৫৩ হাজার টাকা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা। তবে ৩০ মে পর্যন্ত ওই কাজের ৭০ ভাগ শেষ হয়েছে বলে দাবি করেছেন এ কাজের তদারকিতে নিয়োজিত পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাখালি ও কেষ্টখালি খাল খনন করা হচ্ছে দুটি এক্সকাভেটর দিয়ে। কেষ্টখালি ও রাজাবাড়ি খাল খননে ওপরে প্রস্থ ৪৪ থেকে ৪৫ ফুট করে কাটার কথা। তবে ২৫ থেকে ৩৫ ফুট করে কাটা হচ্ছে। খালের তলায় প্রস্থ ১৩ থেকে ১৬ ফিট করে কাটার কথা থাকলেও ১০ থেকে ১২ ফুট করে কাটা হচ্ছে। খাল দুটির গভীরতা সাড়ে তিন ফিট থেকে আট ফুট করে খননের কথা থাকলেও বাস্তবে গভীর করা হচ্ছে দুই থেকে চার ফুট।

উভয় খালের দুই পাড়ের বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারা গোছের কাজ করছে। খালের মাটি ফসলি জমিতে ফেলা হচ্ছে। এতে পাট, বেগুন-মরিচসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। খালের পাড় অত্যন্ত খাড়া করে কাটা হয়েছে। খননের শুরুতেই খালের পাড়ে এলোমেলো করে মাটি রাখা হয়েছে। সামান্য বৃষ্টিতেই মাটি ধসে আবার খাল ভরে যাবে।

গট্টি ইউনিয়নের কাউলিকান্দা গ্রামের বাসিন্দা কৃষক এসকেন মাতুব্বর (৩৯) বলেন, কেষ্টখালী খালের পাড়ে তাঁর ১০ বিঘা জমি রয়েছে। এর মধ্যে তিন বিঘা জমির পাট খালের কাটা মাটির কারণে নষ্ট হয়ে গেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কেষ্টখালী খালের মাটি রাখার জন্য ওই এলাকার অন্তত ১০ বিঘা জমির ফসল বিনষ্ট হয়েছে।

একই অভিযোগ এসেছে রাজাবাড়ী খাল খনন এলাকার বাসিন্দাদের কাছ থেকে। সিংহ প্রতাপ গ্রামের কৃষক আবদুর রহিম (৪৩) বলেন, খালের মাটির কারণে তাঁর ১৪ কাঠা জমির বেগুনগাছ চাপা পড়ে গেছে। খালের মাটি রাখার কারণে ওই এলাকার অন্তত আট বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।

মেসার্স সারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, খালের গভীরতা শিডিউল অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করা হচ্ছে। তবে খালের পাশের কিছু জায়গায় ব্যক্তিমালিকানাধীন হওয়ায় শিডিউল অনুযায়ী চওড়া করা যায়নি। কোনো কোনো জায়গায় কিছু কম করতে হয়েছে।

জাকির হোসেন আরও বলেন, ‘খালের মাটি রাখায় ফসলের ক্ষতি হওয়ার ব্যাপারে আমাদের কিছু করার নেই। কেননা এ খাতে টাকা বরাদ্দ নেই।’

পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী অতনু প্রামাণিক বলেন, আপাতদৃষ্টে খালের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সঠিকভাবে করা হচ্ছে বলে তাঁদের মনে হয়েছে। বিল দেওয়ার আগে শিডিউল অনুযায়ী কাজ বুঝে নেওয়া হবে।