কাঁঠালিয়ার পাটিখালঘাটা খাল
খাল থেকে আ.লীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকেও প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নিতে পাউবোকে নির্দেশনা দেওয়া হয়।
ঝালকাঠির কাঁঠালিয়ার পাটিখালঘাটা খালে অবৈধ বাঁধ ও বাড়ির সৌন্দর্যবর্ধনের স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল সোমবার সকালে সেখানে এক্সকাভেটর দিয়ে এসব স্থাপন উচ্ছেদ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ খালটি ভরাট করে নিজের সম্পত্তি দাবি করে সাইনবোর্ড টাঙিয়ে দখল করে রেখেছিলেন।
উচ্ছেদ অভিযানে পাউবোর ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ দখলের কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে ক্রমান্বয়ে খালটি মরে যাচ্ছিল। এলাকার কৃষকের সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০ অক্টোবর খালে উচ্ছেদ অভিযান শুরুর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ায় তা স্থগিত করা হয়। গতকাল সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটিখালঘাটা গ্রামে সরকারি খালের মাঝে প্রায় সাত বছর অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করে রেখেছিলেন আলাউদ্দিন আল আজাদ। তিনি বাড়ির বাগানের শোভাবর্ধনের জন্য খালটির প্রায় এক হাজার ফুট দখল করেন। ২০১৫ সাল থেকে অবৈধ দখল ও স্থাপনা গড়ে তুলেছেন। এতে খালটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। পানিপ্রবাহ ও নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁঠালিয়া উপজেলা প্রশাসন তদন্ত করে বিষয়টির সত্যতা পায়। পাশাপাশি জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকেও প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নিতে পাউবোকে নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে আলাউদ্দিন আল আজাদ মুঠোফোনে বলেন, ‘ওই খালের সঙ্গে আমার রেকর্ডীয় জমি আছে। আমি খাল দখল করে কোনো স্থাপনা করিনি। আইনজীবীর সঙ্গে কথা বলে আমি পরবর্তী পদক্ষেপ নিব।’
নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, কাঁঠালিয়ার পাটিখালঘাটায় ১ নম্বর খাস খতিয়ানের খালের ভেতরে অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটিকে আবার সচল করা হলো। এ অভিযান শেষ করতে এক-দুদিন লাগবে।