ব্রাহ্মণবাড়িয়ার কসবা
খাল ভরাট করে স্থাপনা, পানিনিষ্কাশন বন্ধ
গ্রামের ৩০ একর জমিতে পানি জমেছে। সামান্য বৃষ্টি হলে পানি বাড়ছে। মৌসুম চললেও কৃষকেরা আমন ধান রোপণ করতে পারছেন না।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চাপিয়া গ্রামে পানিনিষ্কাশনের সরকারি খালটি ভরাট ও কালভার্ট বন্ধ করে দোকান ও বসতঘর নির্মাণ করা হয়েছে। এতে জমিতে বৃষ্টির পানি জমে থাকায় প্রায় ৩০ একর এলাকায় আমন ধান রোপণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
চাপিয়া গ্রামের স্কুলশিক্ষক সাইদুর রাহমান খান বলেন, সরকারি খালটি ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশন বন্ধ হয়ে গেছে। খালটি দখলমুক্ত না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে না।
গতকাল শনিবার এলাকায় গিয়ে দেখা গেছে, খালের জায়গায় গড়ে উঠেছে দোকানপাট। আছে মুদি দোকান, আসবাবপত্রের দোকানসহ নানা প্রতিষ্ঠান। কেউ না বললে বোঝার উপায় নেই সেখানে খাল ছিল। এদিকে গ্রাম ঘুরে দেখা যায়, ফসলি জমিতে জমেছে আগাছা। সেখানে কোথাও রয়েছে গোড়ালি পর্যন্ত আবার কোথাও রয়েছে হাঁটু পর্যন্ত পানি।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া মৌজায় ১ একর ৪২ শতক সরকারি খাল রয়েছে। কিন্তু সে খাল দখল করে চাপিয়া ও টিঘরিয়া গ্রামের তাজুল ইসলাম, আবু তাহের, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, হোসেন মিয়া, আবুল কালামসহ বেশ কয়েকজন দোকান ও বাড়িঘর নির্মাণ করেছেন। পানিনিষ্কাশনের জন্য নির্মাণ করা কালভার্টটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
এ অবস্থায় চাপিয়া গ্রামের দক্ষিণ মাঠের প্রায় ৩০ একর জমিতে প্রায় ২ ফুট পানি জমেছে। সামান্য বৃষ্টি হলে পানি আরও বাড়ছে। ফলে মৌসুম চললেও কৃষকেরা আমন ধান রোপণ করতে পারছেন না।
কৃষক রফিক মিয়া বলেন, রোপা আমন ধান রোপণের সময় চলে যাচ্ছে। ধান রোপণ না করতে পারলে তাঁদের ক্ষতি হয়ে যাবে।
ভুক্তভোগী কৃষকেরা বলেন, দখলদার আবুল কালাম বলেছিলেন, তিনি পানিনিষ্কাশনের জন্য তাঁর বাড়ির পূর্ব পাশে একটি পাঁচ ইঞ্চি পাইপ দিয়েছেন। কিন্তু সেটিও বন্ধ হওয়ায় পানিনিষ্কাশন হচ্ছে না।
এ বিষয়ে আবুল কালাম বলেন, তিনি একা খাল ভরাট করেননি। পানিনিষ্কাশনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করার চেষ্টা করছেন। এ ছাড়া তিনি সরকারি জায়গা থেকে দোকানে ভেঙে নিয়েছেন। স্থায়ীভাবে মাটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন।
চণ্ডীদ্বার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আমিনুল ইসলাম বলেন, সরকারি খাল ভরাট করে দোকান ও বসতঘর নির্মাণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন, সার্ভেয়ারসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করেছেন। যাঁরা সরকারি খালটি ভরাট করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পানিনিষ্কাশনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ব্যবস্থা নেবেন।