সড়ক সম্প্রসারণ
খাল হলো নালা, হাজারো কৃষকের সর্বনাশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া সড়ককে চার লেন করা হচ্ছে। সড়কটি ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে দেবে সরকার।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া অংশে পাশ ধরে চলা দীর্ঘ খালের পাড়ঘেঁষা জমি প্রতিবছর বোরো মৌসুমে প্রাণ পেত। আশুগঞ্জ পলাশ-অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের (সবুজ প্রকল্প) আওতায় ধান বোনার কাজে ব্যস্ত হয়ে উঠতেন কৃষকেরা। এ বছর তাঁদের মাথায় হাত। খাল বেয়ে পানি আসেনি। ফলে অনাবাদি রয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমি।
কৃষকদের এমন দুঃখ-দুর্দশা বয়ে এনেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া সড়ককে চার লেন করার উন্নয়নকাজ। সড়কটি ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে দেবে সরকার। ফলে বাড়ানো হচ্ছে এটির প্রশস্ততা। এই সড়কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সঙ্গে যুক্ত হবে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা। দুই বছর ধরে চলছে সড়কটির উন্নয়নকাজ।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর জানুয়ারি মাসের শুরুতে আশুগঞ্জ-আখাউড়া সড়কের পাশ ধরে চলা খাল দিয়ে সেচ প্রকল্পের পানি ছাড়া হতো। এ পানি দিয়ে চার দশক ধরে সরাইল উপজেলার সদর, পানিশ্বর, কালীকচ্ছ, নোয়াগাঁও, চুন্টা এবং শাহবাজপুর ইউনিয়নের সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়ে আসছিল। এসব চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ২০ হাজার কৃষক।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জমিতে চারা রোপণ করার লক্ষ্যে বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছিলেন। বীজতলায় ধান ছিটানোর ২৫ থেকে ৩০ দিনের মধ্যে তুলে জমিতে রোপণ করতে হয়। বীজতলাগুলোর বয়স ৭০ থেকে ৮০ দিন অতিক্রম হয়ে গেছে। ইতিমধ্যে এসব বীজতলার চারা বিবর্ণ রং ধারণ করে নষ্ট গেছে। সবুজ প্রকল্পের প্রধান জাফর খালের কুট্টাপাড়া অংশ থেকে পূর্ব দিকে শাহবাজপুর এবং পশ্চিমে পানিশ্বর পর্যন্ত পুরো ২০ কিলোমিটার এলাকাজুড়ে সম্পূর্ণ শুকিয়ে আছে। জাফর খালের সংযোগ খালগুলোতেও পানি নেই। এ খালে সবুজ প্রকল্পের কোনো সেচপাম্প চালু করা সম্ভব হয়নি।
১১ কিলোমিটার খালটির প্রশস্ততা ছিল ৪০ ফুট থেকে ১০০ ফুট পর্যন্ত। সরেজমিন দেখা গেছে, সড়ক সম্প্রসারণের ফলে খালটির প্রশস্ত কমে নালায় পরিণত হয়েছে। কৃষকেরা চারা রোপণের জন্য দেড়-দুই মাস আগে হালচাষ দিয়ে জমি প্রস্তুত করে রেখেছিলেন। দীর্ঘ সময় পড়ে থাকায় ইতিমধ্যে অনেক জমির মাটি বসে শক্ত হয়ে গেছে। অনেক জমিতে আগাছা জন্মেছে।
কুট্টাপাড়া গ্রামের কৃষক কৃষক আমজাদ মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমারারে পানি আজ দেবে, কাল দেবে করে দুই মাস পার করছে। অহন কারও দেখি না। আমরা আন্দোলন করতে চাইছিলাম। ডর-ভয় দেখাইছে। আমাদের অহন না খাইয়া মরণের দশা অইছে।’
সরাইল উপজেলা কৃষক সমিতির আহ্বায়ক মোজাম্মেল পাঠান প্রথম আলোকে বলেন, তাঁরা পানির দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিলেন। এর আগের দিন কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দিয়েছিলেন পানি দেবে। তারা ব্যর্থ হয়েছে।
উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুর রহমান বলেন, বিএডিসির গাফিলতির করণে এ বছর তাঁদের সাড়ে চার হাজার হেক্টর জমি অনাবাদি রয়েছে। এতে কৃষকের সর্বনাশ হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় প্রতিষ্ঠান। নানাভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে খাল বিষয়ে তথ্য দিতে তারা রাজি হয়নি।
খাল ও কৃষকদের দৈন্যদশার কারণে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে দুষলেন বিএডিসির ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু প্রকল্প বাস্তবায়নকারীদের অসহযোগিতার কারণে আমরা এ বছর পানি পৌঁছাতে ব্যর্থ হয়েছি।’