‘খালি খালি ঢাকায় থাইকা লাভ কী, তাই বাড়ি যাই’

ঢাকা থেকে আসা যাত্রীদের চাপ বেশি থাকায় বাংলাবাজার-শিমুলায়া নৌপথে চলাচলরত প্রতিটি ফেরিতে গাদাগাদি করে পারাপার হচ্ছে মানুষ। বুধবার বেলা ১২টায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায়। ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর লকডাউনের ঘোষণায় আজ বুধবার সকাল থেকে যাত্রীদের ভিড় বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে। ঢাকা থেকে আসা যাত্রীদের চাপ বেশি থাকায় চলাচলরত প্রতিটি ফেরিতে গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষ।

আজ দুপুর ১২টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, কাল থেকে কঠোর লকডাউন শুরু হওয়ার কারণে ঢাকা থেকে প্রচুর যাত্রী আসছেন। এক একটি ফেরিতে হাজারের বেশি যাত্রী। বেশির ভাগই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার। শিমুলিয়া ঘাট থেকে আসা প্রতিটি ফেরিতে গাদাগাদি করে মানুষ পার হচ্ছেন। ফেরিতে যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যাই বেশি। বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামার পর যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মনে চলার জন্য পুলিশ কাজ করছে। তাঁর ভাষ্য, ঘাটে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাত্রীরা ঘাটে নেমে কিছুটা পথ হেঁটে থ্রি-হুইলার ও মোটরসাইকেলে উঠছেন। এসব যানবাহন মহাসড়কও ব্যবহার করছে না। গ্রামের আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। তাই তাদের আটকানো সম্ভব হচ্ছে না।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে। গতকাল মঙ্গলবার এই নৌপথে যাত্রীর চাপ কম ছিল। আজ সকাল থেকে ফের বেড়েছে যাত্রীদের চাপ। নৌপথে ৪টি রো রো ফেরি, ৫টি ডাম্পসহ ১৪টি ফেরি চলাচল করছে। ফলে নৌপথে যানবাহনের কোনো জটলা নেই। ফেরিতে পণ্যবাহী গাড়ির চেয়ে ব্যক্তিগত গাড়ি ও মানুষ বেশি পারাপার হচ্ছেন। একই সঙ্গে পারাপার হচ্ছে জরুরি সেবামূলক অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি।

বরিশালগামী ঘরমুখী যাত্রী মো. সাইদুল রহমান বলেন, ‘ঢাকায় দোকান বন্ধ। মালিক ছুটি দিছে। আবার ফোন দিলে ঢাকায় যাব। খালি খালি ঢাকায় থাইকা লাভ কী? তাই বাড়ি যাই।’

পরিবার নিয়ে বাড়ি ফেরা শুভ চৌধুরী নামে পটুয়াখালীগামী যাত্রী বলেন, ‘লকডাউনে সবকিছু বন্ধ থাকবে। ঢাকায় চার দেয়ালে বন্দী থাকার চেয়ে বাড়িতেই ভালো। তাই স্বাস্থ্যবিধি মেনেই চলে এসেছি।’

ঢাকায় দিনমজুর হিসেবে কাজ করেন রাসেল আহমেদ। আগামীকাল বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হলে তাঁর কাজও বন্ধ। তিনি বলেন, ‘কাল থেকে কাজ নাই। ঢাকায় থাকলে খরচা বেশি। তাই এখন কষ্ট কইরাই দেশের বাড়ি যাইতাছি।’

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ বেশি। তবে ঢাকাগামী যাত্রীদের চাপও অন্যান্য দিনের চেয়ে বেড়েছে। যাত্রী ও ঘাটে আটকে থাকা পণ্যবাহী পরিবহন পারাপার হচ্ছে।