খালি পায়ে হেঁটে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ
‘ধর্ষণ বন্ধ কর, নারীদের সম্মান কর’–এই স্লোগান লেখা পোস্টার হাতে খালি পায়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান। আজ শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে যাত্রা শুরু করে দুপুর সোয়া ১২টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে যান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মো. ফরিদ উদ্দিন খান বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে দাঁড়ান। সেখানে তাঁর সঙ্গে পোস্টার হাতে যোগ দেন তাঁর তিন শিক্ষার্থী মাহমুদুন্নবী মনি, ইশতিয়াক আসিফ ও কানিজ ফাতেমা। তাঁরা ১১টা ১০ মিনিটে জোহা চত্বর থেকে হাঁটতে শুরু করেন।
গত বৃহস্পতিবার শিক্ষক ফরিদ উদ্দিন খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, ‘আগামীকাল শুক্রবার সকাল ১১টায় দেশব্যাপী ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর থেকে সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত খালি পায়ে (নারীদের প্রতি সন্মানসূচক) হাঁটতে যাচ্ছি। সবাইকে আহ্বান জানাচ্ছি, এ কর্মসূচিতে যোগ দিয়ে ধর্ষণের প্রতিবাদ করি।’
এ আহ্বানে তাঁর বিভাগের তিন শিক্ষার্থী তাঁর সঙ্গে যোগ দেন। এ পদযাত্রায় রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে তাঁদের সঙ্গে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ইফতিখারুল আলম ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অরূপ ব্যানার্জি। তাঁরা ছয়জন মিলে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে পোস্টারগুলো হাতে নিয়ে ২০ মিনিট অবস্থান করেন।
শিক্ষক ফরিদ খান বলেন, ‘আমাদের সমাজ দিনে দিনে নারীদের জন্য চরম অনিরাপদ হয়ে যাচ্ছে। সমাজে নারীদের অনিরাপত্তা কখনো “ডিফল্ট অপশন” হতে পারে না। এ সমাজ নিয়ে আমরা লজ্জিত। আমরা ধর্ষণমুক্ত সমাজ চাই। আসুন, এসব মধ্যযুগীয় বর্বরতা এ মাটি থেকে বিদায় করি। আসুন, নীরবতা ভেঙে সব ধরনের ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌন হয়রানি ও নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হই।’