খালিয়াজুরি উপজেলা আ.লীগের কার্যালয়ের মেঝে দেবে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের মেঝে দেবে ১২ ফুটে গর্তের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের মেঝে আট ফুট দেবে গেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এতে দলটির আট নেতা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, গাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীহারেন্দ্র দেব রায় ও আওয়ামী লীগ নেতা নূরুল হুদা।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানায়, খালিয়াজুরি কলেজ মাঠসংলগ্ন এলাকায় রাস্তার পাশে জলাশয়ে মাটি ভরাট করে পাঁচ বছর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রায় ২ শতক জায়গায় আধা পাকা ভবন নির্মাণ করা হয়। আজ রোববার দুপুরে ওই কার্যালয়ে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই করতে একটি সভা আহ্বান করা হয়।

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের মেঝে দেবে ১২ ফুটে গর্তের সৃষ্টি হয়েছে। আজ রোববার দুপুরে
ছবি: প্রথম আলো

দুপুর ১২টায় শুরু হওয়া সভায় ৬০ থেকে ৬৫ জন নেতা–কর্মী অংশ নেন। দুপুর সাড়ে ১২টায় সভা চলাকালে হঠাৎ মেঝের পূর্ব দিকের অংশ দেবে যায়। এতে অন্তত আট নেতা–কর্মী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া জব্বার গত ১৫ ফেব্রুয়ারি মারা যান। ফলে আগামী ৭ অক্টোবর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আজ রোববার দলীয় প্রার্থী বাছাই করতে কার্যালয়ে একটি সভা ডাকা হয়। দুপুরে সভা চলাকালে আকস্মিকভাবে অন্তত আট ফুট দেবে যায়। প্রায় ১২ ফুট স্থানজুড়ে গর্তের সৃষ্টি হয়। তড়িঘড়ি করে বের হওয়ার সময় আটজন আহত হন। তবে কেউ গুরুতর আহত হননি।

এ ব্যাপারে খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।