খালিয়াজুরিতে গৃহবধূকে মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোনার খালিয়াজুরিতে এক গৃহবধূকে (৩৫) মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার নগর ইউনিয়নের ব্যবসায়ী সুধীর তরফদার (৪০), প্রাণনাথ সরকার (৪০) ও বাবুল সরকার (৪২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগর ইউনিয়নের ওই গৃববধূ দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে থাকেন। তাঁর স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করেন। গত সোমবার রাত দেড়টার দিকে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঘর থেকে বের হন। এরপর আবার ঘরে এসে দরজা বন্ধ করার সময় সুধীর তরফদার দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং কিছু বুঝে ওঠার আগেই ওই গৃহবধূর মুখ গামছা দিয়ে বেঁধে তাঁকে ধর্ষণ করেন। এ সময় দরজার বাইরে তাঁর দুই সহযোগী প্রাণনাথ সরকার ও বাবুল সরকার অপেক্ষা করছিলেন। ঘটনার সময় ওই নারীর শিশুসন্তান চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসেন। এতে অভিযুক্ত ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। বৃহস্পতিবার গৃহবধূর স্বামী বাড়িতে এসে রাতে স্ত্রীকে নিয়ে গিয়ে থানায় মামলাটি করেন।
ওই গৃহবধূ বলেন, সুধীর তরফদার দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তিনি এতে সাড়া দেননি। এ কারণে পূর্বপরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তিনি এ ঘটনার ন্যায়বিচার চান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুধীর তরফদার, প্রাণনাথ সরকার ও বাবুল সরকারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।