বরিশালের উজিরপুর
খালে বাঁধ, সেচসংকটে ২০ হাজার কৃষক
ঠিকাদার নয় মাসের কাজ দেড় বছরেও শেষ করতে পারেননি। সেতু নির্মাণের কাজ এখনো ১৫ শতাংশ হয়নি।
বরিশালের উজিরপুরে একটি সেতু পুনর্নির্মাণের জন্য খালে দেওয়া হয়েছে বাঁধ। ওই বাঁধ ভোগাচ্ছে কৃষকদের। বাঁধের কারণে চলতি বোরো মৌসুমে সেচসংকটে পড়েছেন ৭টি গ্রামের প্রায় ২০ হাজার কৃষক। ব্যাহত হচ্ছে ১০টি সেচ প্রকল্পের প্রায় ২০ হাজার একর জমির বোরো চাষ। জরুরি ভিত্তিতে ওই বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন কৃষকেরা।
ভুক্তভোগী কৃষক ও এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, উজিরপুরের শোলক ইউনিয়নের ধামুরা-চৌমোহনী খালের দক্ষিণ কাংশী মসজিদ–সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের পুরোনো একটি লোহার সেতু ছিল। সেখানে ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু পুনর্নির্মাণের জন্য আইবিআরপি প্রকল্পের অধীন ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকার একটি প্রকল্প নেয় এলজিইডি।
ওই অর্থবছরে প্রকল্প বাস্তবায়নে এলজিইডি দরপত্র আহ্বান করে। ২০২০ সালের ১৮ অক্টোবর মেসার্স রূপালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১৮ জুলাই নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার নয় মাসের কাজ দেড় বছরেও শেষ করতে পারেননি। সেতু নির্মাণের কাজ এখনো ১৫ শতাংশ হয়নি।
সরেজমিনে দেখা যায় গেছে, ধামুরা-চৌমোহনী খালের দক্ষিণ কাংশী মসজিদ–সংলগ্ন এলাকায় খালের মধ্যে দুটি বাঁধ দেওয়া হয়েছে। প্রকল্প স্থানে বাঁধ দিয়ে মাটি কেটে রাখার ফলে আশপাশ ভেঙে যাচ্ছে। ভাঙা অংশ দক্ষিণ কাংশী জামে মসজিদটির ভিত পর্যন্ত পৌঁছে গেছে। পাশাপাশি কাংশী উজিরপুর সড়কের কার্পেটিং অনেক অংশ ভেঙে খালে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সেতু নির্মাণের শুরু থেকে ঠিকাদার কাজ নিয়ে গাফিলতি শুরু করেন। শুরুতে কিছু কাজ করে এক বছর ধরে নির্মাণকাজ বন্ধ রেখেছেন। বারবার ঠিকাদারকে কাজ শেষ করার কথা বলা হলেও তিনি জানান, মানুষের কথায় নয়, নিজের ইচ্ছায় সেতুর কাজ শেষ করবেন।
কৃষক সোহরাব হোসেন বলেন, ‘চলতি বছর বোরো মৌসুম শুরুর অনেক আগে থেকেই আমরা নির্মাণকাজ শেষ করার জন্য অনুরোধ করি। কিন্তু ঠিকাদার আমাদের তোয়াক্কা করেননি। পরবর্তী সময়ে বোরো মৌসুম শুরু হলে আমরা বাঁধ অপসারণের জন্য অনুরোধ করি। কিন্তু তিনি কোনো কর্ণপাত করেননি। বারবার তাগিদ দিলেও ঠিকাদার খালের মধ্যে বাঁধ অপসারণ না করে আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেননি।’
দক্ষিণ কাংশী সেচ প্রকল্পের ব্যবস্থাপক মনির হোসেন অভিযোগ করে বলেন, তাঁর নিজের প্রকল্পের অধীন ৭ হাজার ১৪০ একর জমি রয়েছে। বাঁধের ফলে খালে পানি চলাচল বন্ধ থাকায় কৃষকদের পানি সরবরাহ করতে পারছেন না। বৃষ্টি হলে কিছু পানি দেওয়া হয়। তাতে কৃষকদের চাহিদা পূরণ হচ্ছে না। বোরো ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলিয়ে বাঁধের ফলে বরাকোঠা, কাংশী, বোহরকাঠী, আদাবাড়ি, চৌমোহনী, দক্ষিণ কাংশী গ্রামের ১০টি সেচ প্রকল্পের প্রায় ২০ হাজার একর জমিতে সেচসংকট দেখা দিয়েছে।
অভিযোগের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপালী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী অমল দাস বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেওয়া হলেও আমি কাজ করি না। আমার লাইসেন্সের নামে কাজ করে অরুন সুমন।’
ঠিকাদার অরুন সুমনের কাছে জানতে চাইলে তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারের গাফলতির কথা স্বীকার করে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, কাজ ফেলে রাখার জন্য ইতিমধ্যে ঠিকাদারকে একাধিক নোটিশ দেওয়া হয়েছে। তাতে সাড়া না পাওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে কৃষকদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
উজিরপুরের ইউএনও ফারিহা তানজিন বলেন, ‘কৃষকদের স্বার্থ সংরক্ষণে যেকোনো পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে বাঁধ অপসারণ ও কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করা হবে।’