খালে ভাসছিল বৃদ্ধের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

দিনাজপুর শহরের মাঝখান দিয়ে প্রবাহিত ঘাগড়া খালে ভাসছিল এক বৃদ্ধের লাশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় লাশটি উদ্ধার করে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম নারায়ণ কুমার কুন্ডু (৬০)। তিনি দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত মদন কুমার কুন্ডুর ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন। শহরের বিভিন্ন জায়গায় নারায়ণ ঝুড়ি ও মুড়ির মোয়া ফেরি করে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা তিনটায় বাড়ি থেকে বের হন নারায়ণ। রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাঁর সন্ধান পাননি। পরে আজ সকাল সাড়ে আটটায় ঘাগড়া খালে ভাসছিল তাঁর লাশ। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তির স্বজনেরা কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।