খালেদা জিয়া কুমিল্লা যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার কুমিল্লা আসছেন। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০-দলীয় জোটের এক জনসভায় বক্তৃতা করবেন তিনি। 
খালেদা জিয়ার কুমিল্লা সফর উপলক্ষে নগরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার, পোস্টার ও ফেস্টুন। জনসভার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতিও শেষ করেছে জেলা বিএনপি। জনসভার স্থানটি অপেক্ষাকৃত ছোট হওয়ায় খালেদা জিয়ার বক্তব্য শুনতে উল্লেখযোগ্য আটটি সড়কে লাগানো হয়েছে এলইডি টেলিভিশন। বিভিন্ন ওয়ার্ডে লাগানো হয়েছে কয়েক শ মাইক।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে কুমিল্লা শহরে প্রবেশের ৫২ কিলোমিটার এলাকায় নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। জেলায় বিএনপির দলীয় কোন্দল না থাকায় দলটি এবার নিজেদের শক্তি প্রদর্শনে জনসভাকে ঘিরে বড় ধরনের শোডাউনের পরিকল্পনা করছে।