খালেদা জিয়ার নেতৃত্বেই হাসিনা সরকারের পতন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় বক্তৃতা করেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের ডিসি ঘাট এলাকার একটি হোটেলের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই শেখ হাসিনার সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদীন। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জেলখানা ও হাসপাতালে সাধারণ চিকিৎসার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল। কিন্তু এ দেশের লাখো মানুষের দোয়ায় শেখ হাসিনার সেই স্বপ্ন পূরণ হয়নি।’

আজ মঙ্গলবার নগরের ডিসি ঘাটসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন বলেন, এই অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার কারণেই খালেদা জিয়াকে আইনগতভাবে মুক্ত করা যায়নি। দেশে খালেদা জিয়ার জন্য এক আইন, আর তাদের জন্য আরেক আইন। তিনি আরও বলেন, ‘হাজী সেলিমের সাজা ও জেল হওয়ার পরও তিনি কী করে বিদেশে গিয়েছিলেন, তা দেশবাসীর প্রশ্ন ছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি (হাজী সেলিম) নাকি আইন মেনে বিদেশ গিয়েছিলেন। সেটা কী আইন, তা একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আর কেউ জানে না।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবদীন বলেন, ‘আপনারা যতই কমিশন গঠন করেন না কেন, এই কমিশন আপনাকে রক্ষা করতে পারবে না। এই কমিশনের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। আলোচনা একটাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কীভাবে হবে, এর বাইরে কোনো কথা হতে পারে না, কোনো আলোচনা হবে না।’

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্যসচিব আকতার হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব মীর জাহিদুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান।

বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে জয়নুল আবদীন বলেন, আজকের পর থেকে বরিশাল বিএনপিতে কোনো ধরনের ক্ষোভ থাকবে না। ক্ষোভ থাকবে একটাই, এই অবৈধ সরকারকে হটানোর ক্ষোভ।

অনুষ্ঠানের শুরুতে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা–কর্মীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জয়নুল আবদীনসহ অন্য অতিথিরা।