খালেদা পাগল হয়ে গেছেন, প্রলাপ বকছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই। ওই বছরই শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া নিজে এখন পাগল হয়ে গেছেন। তিনি শুধু প্রলাপ বকছেন।’
আজ মঙ্গলবার সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি কাজীপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই, গান্ধাইল ইউনিয়নের দুবলাই ও কাচিহারা গ্রামে বিদ্যুতায়নের দেড় সহস্রাধিক বাড়িতে বিদ্যুতের সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন।
মন্ত্রী বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী একসঙ্গে থেকে জনগণের ভালোবাসা আদায় করে পরবর্তী নির্বাচনে অংশ নেবে। এর কেনো ব্যত্যয় হবে না। সেভাবে আপনারাও তৈরি হোন।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘সংবিধানের নির্দেশনা অনুসরণ করে ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার স্বাধীনতা সব রাজনৈতিক দলের আছে। হঠকারিতা করে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। জাতীয় সংসদে এ দলটির সামান্যতম প্রতিনিধিত্বও নেই। বেগম খালেদা জিয়া এখন যেসব বক্তব্য দিচ্ছেন, তা জনগণই প্রত্যাখ্যান করছে। ফলে তিনি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’ জনগণের রায় নিজের পক্ষে রাখতে বিএনপিকে অগণতান্ত্রিক পথ পরিহার করে জনগণের কাতারে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক তুষার কান্তি দেবনাথ।