খালেদাকে স্মারকলিপি দিলেন কয়েকজন অভিভাবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মারকলিপি দিয়েছেন ২৫-৩০ জন অভিভাবক।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে প্ল্যাকার্ড হাতে নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কয়েকজন অভিভাবক খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের এক স্টাফ অফিসার তাঁদের স্মারকলিপি গ্রহণ করেছেন বলে দাবি করেন আইরিন পারভীন নামের এক অভিভাবক।

আইরিন পারভীন আরও জানান, এ ব্যাপারে আগামীকাল রোববার তাঁরা প্রধানমন্ত্রীর কাছে যাবেন।

লায়লা আফরোজ নামের আরেক অভিভাবক বলেন, তাঁর মেয়ে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। তিনি কোনো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে এখানে আসেননি। এ সময় তিনি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানান।

স্মারকলিপি দেওয়া শেষে অভিভাবকেরা কার্যালয়ের সামনে থেকে চলে যান।