সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মধুসূদনপুরে খালের পানি নিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিস চলাকালে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হাটখোলায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রহমত মল্লিক (৬০)। তিনি ভুরুলিয়া ইউনিয়নের হরিণাগারি গ্রামের বাসিন্দা। ওই সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মধুসূদনপুর গ্রামের আয়ুব আলী (৪৫), শফিকুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৫০), জমাত আলী (৫৫), রেজাউল আলী (৪৭) ও আলামিন গাজী (২২) ও মিয়ারাজ মল্লিক (২৭)।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুসূদনপুর সরকারি খালের পানি নিয়ে দীর্ঘদিন ধরে ইজারাদার ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাফরুল আলম উভয় পক্ষকে নিয়ে সিরাজপুর হাটখোলায় সালিসে বসে। সেখানেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ভুরুলিয়া ইউপির চেয়ারম্যান জাফরুল আলম প্রথম আলোকে বলেন, ‘মধুসূদনপুর সরকারি খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিরোধ ছিল। এ জন্য দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য সালিস ডাকা হয়। সালিস চলাকালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে নিহত রহমত মল্লিকের ভাই মিজানুর রহমান মল্লিক বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ২৪-২৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজারহারভুক্ত আসামি নজরুল ইসলাম ও আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, রহমত মল্লিকের লাশের সুরতহাল প্রতিবেদন করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।