খালের পাশে মিলল নারীর মরদেহের খণ্ডিত অংশ
সাভারের বনগাঁও ইউনিয়নে খালের পাশ থেকে নারীর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের সাদাপুর এলাকা থেকে অংশটি উদ্ধার করা হয়।
সাভার থানা-পুলিশ জানায়, স্থানীয়রা সাদাপুর এলাকায় খালের পাশে পলিথিনে মোড়ানো মরদেহের খণ্ডিত অংশটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অংশটি নারীর মরদেহের বলে নিশ্চিত হওয়া গেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে খণ্ডিত অংশটি পাঁচ থেকে সাত দিন আগের বলে মনে হচ্ছে। মরদেহটির মাথা, বাম হাত ও পেটের মাঝ থেকে শরীরের নিচের অংশ ছিল না। মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ধামরাই উপজেলায় এক নারীর মরদেহের নিচের দিকের খণ্ডিত অংশ পাওয়া যায়। নতুন পাওয়া অংশগুলো একই নারীর হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
এ নিয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে পলিথিনে মোড়ানো এক নারীর মরদেহের কোমরের নিচ থেকে খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। একই দিনে ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশ অজ্ঞাত নারীর মাথা ও একটি হাত উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এসব অংশ একই নারীর।
ফরিদপুর জেলার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার কৈজুড়ি ইউনিয়নের বিলনালিয়া গ্রামের পাশে একটি ট্রলি ব্যাগের ভেতরে অজ্ঞাত নারীর মাথা ও বাম হাত পাওয়া যায়। সাভার ও ধামরাইয়ে শরীরের অন্য অংশ উদ্ধারের ঘটনার পর প্রাথমিকভাবে মনে হচ্ছে, এগুলো একই নারীর হতে পারে।
তবে তিনটি অংশের ডিএনএ প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানান এসআই জাকির হোসেন।