খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বণ্টনের দাবি
লালমনিরহাটে ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বণ্টনের দাবিতে মানববন্ধন হয়েছে।
কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবির মধ্যে আছে শিল্পায়ন-নগরায়ণ, ইপিজেড ও মেগা প্রকল্পের নামে কৃষিজমি অধিগ্রহণ বন্ধ করা; বহুজাতিক কোম্পানির নামে ভূমি ক্রয়/বরাদ্দ না দেওয়া; খাস জমির সঠিক হিসাব দেশবাসীর সম্মুখে তুলে ধরা; ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে অবিলম্বে ভূমিহীনদের মধ্যে বণ্টন করা; দ্রুততার সঙ্গে দাবিদারহীন অর্পিত সম্পত্তির স্ট্যাটাস পরিবর্তন করে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা এবং ভূমি ব্যবহার নীতিমালা অমান্যকারীদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থার এডাবের রংপুর বিভাগীয় সমন্বয়কারী বঙ্কিম চন্দ্র রায়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পেশাজীবী ফোরামের উপদেষ্টা আঞ্জুমান আরা, ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম ও মাটির মায়ার প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।