খাসকামরা থেকে বিচারকের ব্যাগ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের সহকারী জজ উম্মে হাবিবার খাসকামরা থেকে ব্যাগ চুরি হয়েছে। ব্যাগে তাঁর জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ড, টাকাসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে উম্মে হাবিবা বিচারকাজ পরিচালনার জন্য তাঁর আদালতের এজলাসে ছিলেন। বিচারকাজ শেষে তিনি খাসকামরায় গিয়ে দেখেন তাঁর ব্যাগটি নেই। এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, পুলিশ সহকারী জজের ব্যাগটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ব্যাগটি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সহকারী জজ উম্মে হাবিবার স্বামী মো. আশিকুর রহমান কিশোরগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। আশিকুর রহমান ব্যাগ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি মায়া ভৌমিক বলেন, আদালত চত্বরে, বিশেষ করে বিচারকের খাসকামরায় চুরির ঘটনা বেশ উদ্বেগের বিষয়। তিনি এর দ্রুত সুরাহা কামনা করেছেন এবং আদালত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।