ভূমি অধিকার দিবস আজ
খাসজমি বরাদ্দ পেয়েছেন আড়াই হাজার ভূমিহীন
পাবনার সাঁথিয়ায় গত ৪০ বছরে আড়াই হাজার ভূমিহীন পরিবারের মধ্যে ৩ হাজার ৯০ বিঘা খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ বিল লাগোয়া চর মাছখালি গ্রামে জয়নাল আবেদীনের বাড়ি। একসময় তিনি ছিলেন ভূমিহীন বর্গাচাষি। জোতদারদের কাছ থেকে ঘুঘুদহ বিলের যে জমি বর্গা নিয়ে তিনি চাষ করতেন, তা ছিল সরকারি বা খাস। পরে জয়নাল আবেদীন দুই বিঘা জমি বরাদ্দ পান। সেই জমি চাষাবাদ করে তিনি এখন সচ্ছল কৃষক।
শুধু জয়নাল আবেদীন নন, উপজেলার আড়াই হাজার ভূমিহীন পরিবারকে খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। কিন্তু এ জমির অধিকার বুঝে পেতে ২৫ বছর আন্দোলন করেছেন কৃষকেরা। জয়নাল বলেন, ‘ভূমিহীন থেইক্যা আজ আমি জমিওয়ালা কৃষক। এ সবই হইছে আমাগরে আন্দোলনের ফলে।’
ভূমি অধিকার দিবসটি সরকার ঘোষিত কোনো দিবস নয়। কিন্তু দিনটি জাতীয়ভাবে পালন করা হলে সারা দেশের ভূমিহীন ব্যক্তিরা সচেতন হবেন।
উপজেলা প্রশাসন সূত্র ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আশির দশকের শুরুতে খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়। ১৯৮৫ সালের ১০ জুন ঘুঘুদহ বিলের পারে খাসজমি দখল নিতে মুখোমুখি হন প্রায় ২০ হাজার ভূমিহীন কৃষক ও জোতদারদের লাঠিয়াল বাহিনীর কয়েক হাজার সদস্য। তবে সেদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সংঘর্ষ হয়নি। ওই ঘটনার পরে সরকারিভাবে সিদ্ধান্ত হয় ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে। কিন্তু পরবর্তী সময়ে খাসজমির দখল নেওয়াকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষে প্রাণ যায় সাঁথিয়া এলাকার ছয়জনের। শেষ পর্যন্ত ঘুঘুদহ ও গৌরীগ্রাম বিলের ২ হাজার ৮৫০ বিঘা জমির দখল পান দুই হাজার ভূমিহীন কৃষক।
১৯৮৫ সালের ১০ জুন দিনটিকে তাই এখনো স্মরণ রেখেছেন সেদিনের আন্দোলনে অংশ নেওয়া ভূমিহীন কৃষকেরা। এই দিনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘ভূমি অধিকার দিবস’ হিসেবে পালনের দাবি জানিয়ে আসছেন তাঁরা। সেদিনের স্মৃতিচারণা করে ফজর আলী শেখ বলেন, ‘সেদিন আমরা অন্তত ২০ হাজার লোক বিলে আইস্যা জড়ো হইছিল্যাম। আমাগরে বিপক্ষে জোতদারদেরও কয়েক হাজার লাঠিয়াল বাহিনী ছিল। তবে শেষ পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। আমি ওই আন্দোলনের পর দেড় বিঘা জমি পাইছিল্যাম।’
ভূমিহীনদের আন্দোলনে অংশ নেওয়া অন্তত ২৫ জনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৫ সালের পরেও প্রায় ২৫ বছর ধরে চলা সেই আন্দোলনে সংঘর্ষে প্রাণ দিয়েছেন ৬ জন। তাঁরা হলেন ঘুঘুদহ গ্রামের এন্তাজ আলী, আফসার প্রামাণিক, ইদু মিয়া এবং বিষ্ণুপুর গ্রামের লোকমান হোসেন, লালমোহন ও কলিমউদ্দিন।
ভূমিহীন ও জোতদারদের মধ্যে এক সংঘর্ষে সর্বশেষ (২০০৮ সালে) মারা যান ঘুঘুদহ গ্রামের আফসার প্রামাণিক। তাঁর ছেলে সাইদুল ইসলাম বলেন, ‘ঘুঘুদহ বিলের ২ হাজার ৮৫০ বিঘা খাসজমি নিয়েই একের পর এক সংঘর্ষ হয়েছে। এতে আমার বাবা মারা গেছেন। তবে এখন এই বিলে আর কোনো খাসজমি নেই। প্রায় সবই ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত হয়েছে।’
ভূমিহীনদের পক্ষে আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সাঁথিয়ার বিষ্ণুপুর গ্রামের রমজান আলী। তিনি বলেন, ভূমি অধিকার দিবসটি সরকার ঘোষিত কোনো দিবস নয়। কিন্তু দিনটি জাতীয়ভাবে পালন করা হলে সারা দেশের ভূমিহীন ব্যক্তিরা সচেতন হবেন। তাঁদের আন্দোলন সম্পর্কে আরও বেশি মানুষ জানবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, সাঁথিয়ায় গত ৪০ বছরে আড়াই হাজার ভূমিহীন পরিবারের মধ্যে ৩ হাজার ৯০ বিঘা খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। আরও কিছু খাসজমি তাঁদের কাছে আছে। সেগুলোর ব্যাপারে প্রয়োজন বুঝে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।